মাগুরায় পেট্রলবোমা হামলায় ৪৬ জনের বিরুদ্ধে মামলা
মাগুরায় পেট্রলবোমা হামলার ঘটনায় বিএনপিসহ ২০-দলীয় জোটের ৪৬ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। মামলায় ২৬ জনের নাম উল্লেখ করে বাকিদের অজ্ঞাতনামা হিসেবে দেখানো হয়েছে। গতকাল রোববার রাতে সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি করেন মাগুরা সদর থানার সহকারী উপপরিদর্শক আব্দুস সালাম।
সহকারী পুলিশ সুপার (সার্কেল) সুদর্শন রায় আজ সোমবার বিকালে প্রথম আলোকে বলেন, এ পর্যন্ত মামলার কোনো আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে অভিযান চলছে। তিনি তদন্তের স্বার্থে আসামিদের নাম প্রকাশ করতে রাজি হননি।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের একজন কর্মকর্তা জানান, মামলায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমেদসহ ২০-দলীয় জোটের নেতা-কর্মীদের আসামি করা হয়েছে।
এদিকে পেট্রলবোমা হামলায় সন্দেহভাজন দুষ্কৃতকারীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তবে অভিযোগ উঠেছে, সন্দেহভাজন ব্যক্তিদের গ্রেপ্তারের নামে পুলিশ ২০-দলীয় জোটের নেতা-কর্মীদের বাড়িতে হামলা-ভাঙচুর এবং অগ্নিসংযোগসহ হয়রানি করছে।
মাগুরা সদর উপজেলার মঘিরঢাল এলাকায় গত শনিবার সন্ধ্যায় দুর্বৃত্তের ছোড়া পেট্রলবোমায় ট্রাকচালকসহ নয় বালুশ্রমিক দগ্ধ হন। তাঁরা বালুবোঝাই ট্রাক থেকে মাগুরার শালিখা উপজেলার ভাটোখালী গ্রামে বালু নামিয়ে মাগুরা শহরের দিকে ফিরছিলেন। এর মধ্যে আট শ্রমিকের বাড়ি সদর উপজেলার মালিক গ্রামে।
ট্রাকচালকের বাড়ি ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী গ্রামে। তবে তিনি দীর্ঘদিন ধরে মালিক গ্রামে শ্বশুরবাড়িতে বসবাস করছিলেন। ঘটনার পর দগ্ধদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে ওই দিন রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়ার পথে একজন শ্রমিক মারা যান। পরদিন মারা যান আরও দুজন। দগ্ধ অন্য সাতজনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
আরও পড়ুন: