মাগুরার শ্রীপুর উপজেলায় যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। গতকাল সোমবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কে উপজেলার ওয়াপদা বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চর নান্দহর গ্রামের জিন্নুর রহমান (৪০) ও ঝিনাইদহের শৈলকুপার নজরুল ইসলাম (৩৮)। একজনের পরিচয় পাওয়া যায়নি। তাঁর আনুমানিক বয়স ৪৫।
একই দিন কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় ট্রাকের চাপায় রোখসানা খাতুন (২৩) নামের এক কলেজছাত্রী নিহত হয়েছেন। এ ছাড়া কুষ্টিয়া শহরে ট্রাকের চাপায় হিসনে হাসিন আলিফ (৮) নামের এক স্কুলছাত্রের দুই পা গুঁড়ো হয়ে গেছে।
পুলিশ ও বাসের যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সকাল সোয়া নয়টার দিকে ওয়াপদা বাজারের কাছে বেনাপোল থেকে চট্টগ্রামগামী এস আলম পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ডালবোঝাই একটি ট্রাকের সংঘর্ষ হয়। বাসটিকে পাশ কাটানোর সময় বাসের পেছনের অংশের সঙ্গে আঘাত লেগে ট্রাকটি উল্টে পড়ে যায়। এতে বাসের পেছনের দিকের ছয়টি আসন ভেঙে চুরমার হয়ে যায়। সংঘর্ষে বাসের ওই আসনগুলোর তিন যাত্রী ঘটনাস্থলেই মারা যান।
মাগুরা সদর থানার এসআই মো. তৌহিদুর রহমান বলেন, নিহত অজ্ঞাতনামা ওই ব্যক্তি একজন গরু ব্যবসায়ী। দুর্ঘটনায় আহত আল আমিন (১৫), মো. সবুজ হোসেন (৩২), মো. রজব আলী (৩০), সোহেল রানা (২৮) এবং অজ্ঞাতনামা এক ব্যক্তিকে (৩৫) মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শরীফ সাহাবুর রহমান বলেন, আহত ব্যক্তিদের অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকাল সাড়ে নয়টার দিকে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার লাহিনীপাড়া এলাকায় ট্রাকের চাপায় কলেজছাত্রী রোখসানা খাতুন (২৩) গুরুতর আহন হন। বেলা দুইটার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। উপজেলার নন্দলালপুর এলাকার বাদশা শেখের মেয়ে রোখসানা কুষ্টিয়া সরকারি কলেজের সম্মান দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন।
নিমেষেই গুঁড়ো স্কুলছাত্রের পায়ের হাড়: কুষ্টিয়া শহরের কামরুজ্জামান গতকাল সকালে তাঁর স্কুলপড়ুয়া ছেলে হিসনে হাসিন আলিফকে (৮) নিয়ে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। গন্তব্য স্থানীয় প্রতীতি বিদ্যালয়। ওই বিদ্যালয়ের কেজি শ্রেণির ছাত্র আলিফের বার্ষিক পরীক্ষার শেষ বিষয়ের পরীক্ষা ছিল কাল। সকাল পৌনে আটটার দিকে ঘন কুয়াশার মধ্যে শহরের ফুলতলা মোড়ে সড়ক পার হওয়ার জন্য অপেক্ষার সময় দ্রুতগামী ট্রাক হঠাৎ উল্টো পথে এসে মোটরসাইকেলটিকে ধাক্কা মারে। দুমড়ে-মুচড়ে যায় মোটরসাইকেলটি। বাবা-ছেলে চলে যান ট্রাকটির নিচে। নিমেষেই গুঁড়ো হয়ে যায় শিশুটির দুই পায়ের হাড়। তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর সকালে প্রতীতি বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকেরা কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক অবরোধ করেন। প্রায় দুই ঘণ্টা পর ১০টার দিকে পুলিশ তাঁদের সরিয়ে দেয়।