মাগুরায় বাসচাপায় স্কুলছাত্র নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাগুরা শহরের ভায়না মোড়ে গতকাল সোমবার সকালে যাত্রীবাহী বাসের চাপায় আবদুর রহমান ওরফে ফাহিম (৭) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। আবদুর রহমান মাগুরা শুভেচ্ছা প্রিপারেটরি স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্র ছিল। সে শহরের দরি মাগুরা কারিগর পাড়ার মাসুদুর রহমানের ছেলে।
দুর্ঘটনার পর বিক্ষুব্ধ লোকজন বাসটি ভাঙচুর করে সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল আটটার দিকে আবদুর রহমানের দাদা আবুল হোসেন বাইসাইকেলে করে আবদুর রহমানকে নিয়ে সদর হাসপাতালের পাশে শুভেচ্ছা প্রিপারেটরি স্কুলে যাচ্ছিলেন। সোয়া আটটার দিকে ভায়না মোড়ে কুষ্টিয়া থেকে ফরিদপুরগামী ভাই ভাই পরিবহনের একটি বাস পেছন থেকে বাইসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ফাহিম রাস্তায় পড়ে গিয়ে বাসের চাকায় পিষ্ট হয়। দুর্ঘটনায় আবুল হোসেনও (৬০) আহত হন।