মাগুরায় বাসচাপায় স্কুলছাত্র নিহত, সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরা শহরের ভায়না মোড়ে আজ সোমবার সকালে যাত্রীবাহী একটি বাসের চাকায় পিষ্ট হয়ে আবদুর রহমান ফাহিম (৭) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। ঘটনার পর ক্ষুব্ধ জনতা বাসটি ভাঙচুর করে ও আড়াই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে।

নিহত ফাহিম মাগুরার শুভেচ্ছা প্রিপারেটরি স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্র। তার বাবা মাসুদুর রহমান মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া আইডিয়াল স্কুলের সহকারী শিক্ষক। তাদের বাড়ি শহরের দরিমাগুরা কারিগরপাড়া এলাকায়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল আটটার দিকে ফাহিমের দাদা আবুল হোসেন (৬০) সাইকেলে করে ফাহিমকে নিয়ে স্কুলের দিকে যাচ্ছিলেন। সোয়া আটটার দিকে বাইসাইকেলটি শহরের ভায়না মোড়ে পৌঁছালে কুষ্টিয়া থেকে ফরিদপুরগামী ভাই ভাই পরিবহনের একটি বাস এটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে সাইকেলের পেছনে বসে থাকা ফাহিম রাস্তার ওপর পড়ে যায়। এ সময় দ্রুতগতিতে চলা বাসটির চাকা ফাহিমের ওপর দিয়ে চলে গেলে সে ঘটনাস্থলে মারা যায়। ফাহিমের দাদাও এ ঘটনায় আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী শহিদুল ইসলাম প্রথম আলো ডটকমকে জানান, বাসটি যাত্রী ওঠানামার জন্য ভায়না মোড়ে দাঁড়িয়ে ছিল। ফাহিমকে নিয়ে তার দাদা বাসের পাশ দিয়ে সামনে যাওয়ার পর এটি দ্রুতগতিতে চলতে শুরু করে এবং সাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়।

শুভেচ্ছা প্রিপারেটরি স্কুলের সহকারী শিক্ষক মো. জাহিদুল ইসলাম জানান, ফাহিমের দাদা নিয়মিত তাকে স্কুলে আনা-নেওয়া করতেন। সাইকেল থেকে ছিটকে পড়ে তিনিও সংজ্ঞা হারান। তবে এখন তিনি সুস্থ। ফাহিমের মৃত্যুর কারণে আজ স্কুল ছুটি ঘোষণা করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাগুরা সদর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) শ্যামা প্রসাদ প্রথম আলো ডটকমকে জানান, উত্তেজিত জনতা সাড়ে সকাল আটটা থেকে সড়ক অবরোধ করে রেখেছিল। তবে বেলা ১১টার দিকে অবরোধ তুলে নেওয়া হয়েছে। এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে। ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন।