মাগুরায় মিছিলে ছাত্রলীগের হামলা, ছাত্রদলের ভাঙচুর
মাগুরা শহরের এম আর সড়কে সমবায় মার্কেটের সামনে গতকাল বুধবার ছাত্রদলের বিক্ষোভ মিছিলে হামলা করেছে ছাত্রলীগ। এ সময় ছাত্রলীগের কর্মীদের হামলায় জেলা ছাত্রদলের সদস্য মো. সুমন ও যুবদলের সাধারণ সম্পাদক খান আমিনুর রহমান আহত হন।
হামলার পরে ছাত্রদলের কর্মীরা ছাত্রলীগের কর্মীদের ধাওয়া দেন এবং পাঁচটি গাড়ি ভাঙচুর করেন। ছাত্রদলের নেতা-কর্মীদের ছোড়া ইটের আঘাতে এক দোকানকর্মচারী আহত হন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, এ ঘটনায় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান, কর্মী রিয়াদ, কামাল ও মাসুমকে আটক করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দুপুর পৌনে ১২টার দিকে ছাত্রদল শহরের বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের চৌরঙ্গী মোড়ের কাছে সমবায় মার্কেটের সামনে এলে ছাত্রলীগের ১০-১২ জন নেতা-কর্মী পেছন থেকে মিছিলে হামলা করেন। এ সময় সুমন ও খান আমিনুর রহমান আহত হন।
পরে ছাত্রদল ইটপাটকেল নিয়ে ছাত্রলীগের নেতা-কর্মীদের ধাওয়া দেয়। এ সময় ছাত্রদলের কর্মীদের ছোড়া ইটপাটকেলের আঘাতে একটি দোকান ও বিপণিবিতানের কাচ ভেঙে যায়। ইটের আঘাতে দোকানকর্মচারী পলাশ সাহা (২৫) আহত হন। ছাত্রদলের কর্মীরা রাস্তায় থেমে থাকা একটি গাড়ির কাচ ভাঙচুর করেন।
বেলা পৌনে একটার দিকে ছাত্রদলের কর্মীরা শহরের ঢাকা সড়ক এলাকায় চারটি বাস ভাঙচুর করেন। এ সময় শহরের চৌরঙ্গী মোড় এলাকায় একটি ককটেলের বিস্ফোরণ ঘটে। এ ঘটনার পর ওই এলাকার অধিকাংশ দোকানপাট বন্ধ হয়ে যায়।
জেলা ছাত্রলীগের সভাপতি শেখ রেজাউল ইসলাম প্রথম আলোকে বলেন, ছাত্রদলের ওই মিছিল থেকে সমবায় মার্কেট এলাকায় আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের কিছু ফেস্টুন-পোস্টারে ইটপাটকেল ছোড়া হয়। এ সময় ‘আওয়ামী পরিবারের’ কিছু ছেলে ছাত্রদলের মিছিলের পেছনে থাকা কয়েকজনের ওপর হামলা করেন। পূর্বশত্রুতার কারণে ওই ঘটনা ঘটতে পারে। তবে হামলাকারীরা ছাত্রলীগের নেতা-কর্মী নন।
জেলা ছাত্রদলের সভাপতি তরিকুল ইসলাম বলেন, ‘বিনা উসকানিতে ছাত্রলীগের নেতা-কর্মীরা আমাদের শান্তিপূর্ণ মিছিলে হামলা করলে ওই পরিস্থিতির সৃষ্টি হয়।’