মাগুরায় মূকাভিনেতা রণেন চক্রবর্তী
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মূকাভিনেতা রণেন চক্রবর্তীর হাত ধরে মাগুরার শ্রীপুরে গত মঙ্গলবার যাত্রা শুরু করল ‘সারথী মাইম থিয়েটার’।
অনুষ্ঠানে ভারতের ওই প্রখ্যাত মূকাভিনেতাকে শ্রীপুর সারথী কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে সম্মাননা জানানো হয়।
ওই দিন দুুপুরে খামারপাড়া মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীপুর সারথী কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি শিকদার মঞ্জুর আলম। অনুষ্ঠানে বক্তব্য দেন আকবর হোসেন মিয়া, মো. রুহুল আমীন, দেলোয়ার হোসেন খান, খান শফিউল্লাহ, মো. হাফিজুর রহমান, কবির হোসেন প্রমুখ।
সম্মাননা পেয়ে রণেন চক্রবর্তী বলেন, ‘আমি এখানে আসতে পেরে অভিভূত। পৃথিবীর বহু দেশে মূকাভিনয় করেছি। সম্মাননা পেয়েছি। কিন্তু এই সম্মাননা একেবারেই আলাদা। এখানকার মানুষের আতিথেয়তা, আন্তরিকতা ও ভালোবাসা আমাকে মুগ্ধ ও ঋণী করেছে। আমার পূর্বপুরুষ এ বাংলার অধিবাসী ছিলেন। আমি সীমারেখা টেনে মানুষে মানুষে বিভাজন মানি না। তাই এখানে বারবার ফিরে আসব।’
পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। রণেন চক্রবর্তী এতে মূকাভিনয় করেন। তিনি শ্রীপুর সারথী কল্যাণ ফাউন্ডেশনের আজীবন সদস্যপদও গ্রহণ করেন।
ওই দিন বিকেলে মাগুরা বন্ধুসভার সদস্যদের সঙ্গে বৈঠক করেন তিনি। এ সময় বন্ধুসভার পক্ষ থেকে তাঁর হাতে কিছু উপহার তুলে দেওয়া হয়।
রণেন চক্রবর্তী চলতি মাসে সরকারের আমন্ত্রণে বাংলাদেশে আসেন। মাগুরায় এটি ছিল তাঁর ব্যক্তিগত সফর।