মাগুরায় শোকাবহ কামান্না শহীদ দিবস পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরায় শোকাবহ কামান্না শহীদ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার দুপুরে মাগুরা জেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে আলোচনা সভা, মিলাদ ও শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পরে সাহিত্যিক লুৎফর রহমান স্মৃতি পাঠাগার মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার জহুর-ই-আলম। প্রধান অতিথি ছিলেন সাংসদ কামরুল লায়লা। অন্যান্যের মধ্যে জেলা কমান্ডার মোল্লা নবুয়ত আলী, আবদুল ফাত্তাহ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রুস্তম আলী, মুন্সী রেজাউল হক, মুক্তিযোদ্ধা আবদুর রহমান, ইউপি চেয়ারম্যান আশরাফুল আলম ও মোজহারুল হক প্রমুখ বক্তব্য দেন।

বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধে হাজীপুরের কাছে ঝিনাইদহের কামান্না গ্রামে পাকিস্তানি বাহিনী ও তাদের এ দেশীয় দোসরদের আক্রমণে শহীদদের যথাযথ সম্মান করা মানেই দেশকে সম্মান করা। স্বাধীনতাকে সম্মান করা। বক্তারা দিনটিকে সরকারিভাবে পালনের দাবি জানান।

১৯৭১ সালের ২৫ নভেম্বর রাতে একদল মুক্তিযোদ্ধা মাগুরার সীমান্তবর্তী ঝিনাইদহের কামান্না গ্রামে গিয়ে মাধব কুণ্ডু নামে এক ব্যক্তির বাড়ির পরিত্যক্ত টিনের ঘরে অবস্থান নেন। মুক্তিযোদ্ধাদের অবস্থানের এ খবর স্থানীয় রাজাকাররা ঝিনাইদহের শৈলকুপা ও মাগুরায় পাকিস্তানি বাহিনীর ক্যাম্পে পৌঁছে দেয়। খবর পেয়ে রাজাকার ও আলবদর বাহিনীর সহযোগিতায় শৈলকুপা ও মাগুরা থেকে আসা পাকিস্তানি সেনারা ২৬ নভেম্বর ভোর রাতে চারদিক থেকে মুক্তিযোদ্ধাদের ওপর অতর্কিতে গুলি বর্ষণ শুরু করে। মুক্তিযোদ্ধারাও পাল্টা গুলি ছুড়ে প্রতিরোধ গড়ে তুলতে চেষ্টা করেন। কিন্তু ভারী অস্ত্রে সজ্জিত পাকিস্তানি বাহিনীর আক্রমণের মুখে ঘটনাস্থলেই ২৮ মুক্তিযোদ্ধা শহীদ হন। পরে এলাকাবাসীর সহায়তায় কামান্না স্কুল মাঠের পাশে নদীর তীরে পাটি গণকবরে বীর শহীদদের সমাহিত করা হয়। ১৯৯৭ সালে হাজীপুরে শহীদ ওই মুক্তিযোদ্ধাদের স্মরণে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়।