মাগুরায় সংঘর্ষে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরার মহম্মদপুর উপজেলার মশাখালী গ্রামে আজ বুধবার সকালে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ওহিদ বিশ্বাস (৩২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় অন্তত ১৫টি বাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে মশাখালী গ্রামের তৌহিদ মোল্লার সঙ্গে একই গ্রামের মাহাবুবুর রহমানের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ বিরোধের জের ধরে আজ ভোর সাড়ে ছয়টার দিকে মাহাবুবুর রহমানের সমর্থকেরা তৌহিদ মোল্লার সমর্থকদের অন্তত ১৫টি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। তাদের হামলায় ১০ থেকে ১২ জন আহত হয়। আহত ব্যক্তিদের মধ্যে ওহিদ মোল্লা নড়াইল সদর হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় সকাল সাড়ে ১০টার দিকে মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহম্মদপুর উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম প্রথম আলো ডটকমকে বলেন, পরিস্থিতি এখন শান্ত। ওই হত্যাকাণ্ডের ঘটনায় লোহাগড়া থানায় মামলা হবে। লোহাগড়ার অতিরিক্ত পুলিশ সুপারও ঘটনাস্থলে গেছেন।

মহম্মদপুরের নহাটা পুলিশ ফাঁড়ির তত্ত্বাবধায়ক উপপরিদর্শক গৌতম বিশ্বাস প্রথম আলো ডটকমকে বলেন, মশাখালী মাগুরার মহম্মদপুর ও নড়াইলের লোহাগড়া উপজেলার সীমান্তবর্তী গ্রাম। পাশেই লোহাগড়ার নলদি মিঠাপুর গ্রাম। মশাখালী গ্রামের একাংশ মহম্মদপুর ও অন্য অংশ লোহাগড়া উপজেলার মধ্যে। নিহত ওহিদ বিশ্বাসের বাড়িটি লোহাগড়ায় পড়েছে বলে মনে হচ্ছে।