মাগুরায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩
মাগুরার শ্রীপুর উপজেলায় যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাকের সংঘর্ষে তিন ব্যক্তি নিহত হয়েছেন।
আজ সোমবার সকালে উপজেলার ওয়াপদা বাজারের কাছে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন মানিকগঞ্জের জিন্নুর রহমান (৪০), ঝিনাইদহের নজরুল ইসলাম (৩৮) ও অজ্ঞাতনামা এক ব্যক্তি।
এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন পাঁচজন। তাঁদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত সবাই বাসের যাত্রী ছিলেন।
পুলিশ, বাসের যাত্রী ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, এস আলম পরিবহনের যাত্রীবাহী বাসটি বেনাপোল থেকে চট্টগ্রাম যাচ্ছিল। সকাল সোয়া নয়টার দিকে বাসটি মাগুরার শ্রীপুর উপজেলার ওয়াপদা বাজারের কাছে আসে। সেখানে বিপরীত দিক থেকে আসা মালবোঝাই একটি ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। ট্রাকটি উল্টে যায়। বাসের পেছনের দিকের ছয়টি আসন ভেঙে চুরমার হয়।
মাগুরা সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. তৌহিদুর রহমান বলেন, আহত ব্যক্তিদের উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শরীফ সাহাবুর রহমান প্রথম আলোকে বলেন, আহত ব্যক্তিদের অবস্থা আশঙ্কাজনক।
মাগুরা সদর থানার অপর এসআই আবু হেনা মিলন প্রথম আলোকে বলেন, ঘন কুয়াশার মধ্যে বাসা ও ট্রাক পরস্পরকে পাশ কাটানোর সময় বাসের পেছনের দিকে ট্রাকটির আঘাত লাগলে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর বাসের চালক পালিয়েছেন। এ ঘটনায় এখনো মামলা হয়নি।