মাগুরায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ
মাগুরার শালিখা উপজেলার শ্রীহট্ট ইউনিয়ন পরিষদের পাশে জঙ্গলের ভেতরের একটি গাছ থেকে গত শুক্রবার বিকেলে হাবিবা সুলতানা (২২) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। স্বামী তাঁকে হত্যা করে লাশ ঝুলিয়ে রেখেছেন বলে অভিযোগ উঠেছে।
পুলিশ ও নিহত গৃহবধূর ভাই ফারুক হোসেন জানান, দুই বছর আগে উপজেলার হরিশপুর গ্রামের খলিলুর রহমানের মেয়ে হাবিবা সুলতানার সঙ্গে উপজেলার শতখালী ইউনিয়নের দেওয়াডাঙ্গা গ্রামের জাফর মণ্ডলের ছেলে মঞ্জুর হোসেনের (৩০) বিয়ে হয়। মঞ্জুর একসময় স্থানীয় বাজারে হারবাল ওষুধের ব্যবসা করতেন। তিনি যৌতুকের দাবিসহ নানা অজুহাতে প্রায়ই স্ত্রীকে নির্যাতন করতেন। গত বৃহস্পতিবার সন্ধ্যার পর মঞ্জুর চিকিৎসকের কাছে যাওয়ার কথা বলে স্ত্রীকে নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর শুক্রবার বিকেলে বাড়ি থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে একটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ।
শালিখা থানার ওসি মো. আবদুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মঞ্জুর ও তাঁর পাঁচ সহযোগী গৃহবধূকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করে লাশ গাছের সঙ্গে ঝুলিয়ে রেখেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মঞ্জুরসহ ছয়জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।