মাগুরায় হামলায় ছাত্রলীগের দুই কর্মী আহত
মাগুরা শহরের পূর্বাশা সিনেমা হল এলাকায় গত শুক্রবার দুর্বৃত্তদের হামলায় ছাত্রলীগের দুই কর্মী আহত হয়েছেন। এর জের ধরে ছাত্রলীগের কর্মীরা শহরের নিজনান্দুয়ালি এলাকার লোকজন জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়, আটটি দোকান ও ছয়টি ঘর ভাঙচুর করেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রলীগের কর্মী শিশির (২৫) ও রুবেল (২২) গত শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে পূর্বাশা সিনেমা হল এলাকায় চায়ের দোকানে বসে ছিলেন। এই সময় দুর্বৃত্তরা হামলা চালিয়ে তাঁদের কুপিয়ে গুরুতর জখম করে চলে যায়। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করান। অবস্থার অবনতি হওয়ায় রাতে শিশিরকে ঢাকায় পাঠানো হয়েছে।
শিশির ও রুবেল আহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে ছাত্রলীগের দুই শতাধিক সশস্ত্র যুবক সিনেমা হল এলাকার সাত-আটটি দোকান ভাঙচুর ও লুটপাট করেন। একই সময় তাঁরা মিন্টু রোডে অবস্থিত বিএনপির কার্যালয় ভাঙচুর করেন। সবশেষে তাঁরা মাগুরা শহরের পারনান্দুয়ালি চরপাড়ার পাঁচ-ছয়টি বাড়ি ভাঙচুর ও লুটপাট করেন।
মাগুরার সহকারী পুলিশ সুপার সাহেব আলী পাঠান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় নিজনান্দুয়ালি ও পারনান্দুয়ালি এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।