মাগুরার আগুনে পোড়া সেই শিশুর সফল অস্ত্রোপচার
মাগুরার সদর উপজেলার নড়িহাটি গ্রামের অগ্নিদগ্ধ হতদরিদ্র শিশু মারুফার সফল অস্ত্রোপচার হয়েছে। গতকাল বুধবার তার স্কিন গ্রাফটিং (চামড়া প্রতিস্থাপন) করেছেন ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটের চিকিৎসকেরা।
বার্ন ইউনিটের অধ্যাপক সাজ্জাদ খন্দকারের নেতৃত্বে একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল এ চিকিৎসায় অংশ নেন। অস্ত্রোপচারের মাধ্যমে তাঁরা মারুফার পেট ও বগলের নিচের চামড়া প্রতিস্থাপন করেন। টানা চিকিৎসা দিয়েও এ দুটি স্থানের ক্ষত সারছিল না।
চিকিৎসকেরা জানিয়েছেন, মারুফা আশঙ্কামুক্ত। সংক্রমণ-জাতীয় সমস্যা না হলে সে দ্রুতই সুস্থ হয়ে উঠবে বলে তাঁরা আশা করছেন।
মারুফা এখন অস্ত্রোপচার-পরবর্তী নিবিড় পরিচর্যায় রয়েছে। তার চিকিৎসার সার্বিক দেখভাল করছেন ঢাকা মেডিকেল কলেজের ছাত্র মাগুরার বাসিন্দা তোফাজ্জেল হক। তাকে রক্ত দিয়েছেন মাগুরার আরেক বাসিন্দা প্রকৌশলী জীবন পাল।
গত ১৬ জানুয়ারি মারুফা খাতুন বাড়িতে কলম পুড়িয়ে বেলুন তৈরি করতে গিয়ে মারাত্মক অগ্নিদগ্ধ হয়। সেদিন তাকে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু সচেতনতা ও অর্থের অভাবে তাকে বাড়ি ফিরিয়ে নিয়ে গিয়ে গ্রাম্য চিকিৎসা শুরু করে পরিবার। এতে অবস্থার আরও অবনতি হতে থাকে। এ নিয়ে ২৬ জানুয়ারি প্রথম আলোয় ‘বাড়িতে যন্ত্রণায় ছটফট করছে অগ্নিদগ্ধ শিশুটি’ শিরোনামে খবর প্রকাশিত হয়।
মারুফার পাশে দাঁড়ায় সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বিভিন্ন মহল থেকে সাহায্যের আশ্বাসে তাকে আবার মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে জেলা প্রশাসকসহ কয়েকজনের সহায়তায় ৬ ফেব্রুয়ারি মারুফাকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়।
মারুফার জন্য দোয়া চেয়ে তার বাবা কুদ্দুস বিশ্বাস বলেন, এ পর্যন্ত তিনি প্রায় ৩০ হাজার টাকা সহযোগিতা পেয়েছেন। এর মধ্যে ২৬ হাজার টাকা খরচ হয়েছে। তাকে পুরোপুরি সুস্থ করতে আরও ২৫-৩০ হাজার টাকার প্রয়োজন। এ টাকা কীভাবে জোগাড় হবে ভেবে পাচ্ছেন না তিনি।