মাগুরার শ্রীপুর উপজেলা নির্বাচন নিয়ে দ্বিধাদ্বন্দ্ব
মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদের নির্বাচন গতকাল সোমবার তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। তবে এ স্থগিতাদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আপিল করা হয়েছে। আজ মঙ্গলবার বিকালে এর ওপর শুনানি হতে পারে। আপিল আদেশের ওপর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার বিষয়টি নির্ভর করছে।
এদিকে নির্বাচনের এক দিন আগে নির্বাচন স্থগিতের খবরে নির্বাচনী কাজের সঙ্গে জড়িত ব্যক্তিরা পড়েছেন বিপাকে। ভোটারদের মাঝেও হতাশা দেখা দিয়েছে।
সীমানা নির্ধারণ নিয়ে শ্রীপুর উপজেলা যুবলীগের আহ্বায়ক ও আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী খোন্দকার আবু আনসার নাজাদ একটি রিট আবেদন দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ওই স্থগিতাদেশ দেন। আজ সকালে হাইকোর্টের ওই আদেশটি জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও জেলা রিটার্নিং কর্মকর্তা এম এ তারেক ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, ‘নির্বাচনের সব প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। আগামীকাল (বুধবার) ভোট। শেষ মুহূর্তে এসে আজ সকালে হাইকোর্টের ওই নির্দেশ পেয়েছি। নির্বাচন কমিশনের পক্ষ থেকে ওই স্থগিতাদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হয়েছে। আজ (মঙ্গলবার) বিকেলে আপিলের শুনানি হবে। কমিশন থেকে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আমাদের নির্বাচনী কার্যক্রম চালিয়ে যেতে বলা হয়েছে।’
রিট আবেদনকারী খোন্দকার আবু আনসার নাজাদ আজ সকালে প্রথম আলোকে বলেন, শ্রীপুর উপজেলার নাকোল ইউনিয়নের (ইউপি) সঙ্গে ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের (ইউপি) সীমানা নির্ধারণ-সংক্রান্ত জটিলতা রয়েছে। শ্রীপুরের নাকোল ইউনিয়নের অধিবাসী হয়েও অনেকেই সেখানকার ভোটাধিকার পাননি। তাঁদের মধুখালীর আড়পাড়ার ভোটার করা হয়েছে। এ কারণে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে জনস্বার্থে হাইকোর্টে ওই রিট আবেদনটি করেছি।’