মাগুরার সব আঞ্চলিক সড়কে বাস চলাচল অনির্দিষ্টকাল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরায় একজন বাসচালকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে জেলার সব আঞ্চলিক মহাসড়কে বাস চলাচল গতকাল সোমবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছেন শ্রমিকেরা। এ ছাড়া দোষী ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে দুপুরে শহরে বিক্ষোভ মিছিল করেন তাঁরা।

নিহত বাসচালকের নাম মো. সুজন (২৫)। তিনি মাগুরা-মহম্মদপুর সড়কের একটি যাত্রীবাহী বাস চালাতেন। সুজনের বাড়ি মাগুরা পৌরসভার পারলা গ্রামে। বাবার নাম মোসলেম উদ্দীন।

পুলিশ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, সুজন গত শনিবার একটি যাত্রীবাহী বাস চালিয়ে মাগুরা শহর থেকে মহম্মদপুরে যাচ্ছিলেন। পথে ইফতারের সময় হলে তিনি সদর উপজেলার মালিকগ্রাম এলাকায় বাসটি থামান। এ সময় মালিকগ্রামের বাসিন্দা নায়েব মোল্লা (৩৫) ও সজীব মোল্লা (২৮)ঘটনাস্থলে আসেন। তাঁদের একজনের বাইসাইকেলে বাসটি আঘাত করেছে এমন অভিযোগ তুলে তাঁরা সুজনকে পিটিয়ে গুরুতর আহত করেন। সুজনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাঁকে প্রথমে ফরিদপুর ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার ভোরে তিনি মারা যান।

জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম গতকাল দুপুরে প্রথম আলোকে বলেন, ‘স্থানীয় যুবক নায়েব মোল্লা ও সজীব মোল্লা এ ঘটনার সঙ্গে জড়িত। আমরা মোটর শ্রমিক ও বাস মালিক গ্রুপের নেতাদের সঙ্গে বৈঠক করেছি। দোষীদের গ্রেপ্তারে তৎপরতা চালানো হচ্ছে।’

এদিকে সুজনের মৃত্যুর খবর সকালে মাগুরায় পৌঁছালে শ্রমিকদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তাঁরা তাৎক্ষণিকভাবে মাগুরার সব আঞ্চলিক মহাসড়কে বাস চলাচল বন্ধ করে দেন। দুপুরে শ্রমিকেরা শহরে বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় তাঁরা দোষী ব্যক্তিদের গ্রেপ্তার ও শাস্তির দাবি করে নানা স্লোগান দেন।

মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ইমদাদুর রহমান দুপুরে প্রথম আলোকে বলেন, ‘সুজনকে হত্যার প্রতিবাদে আঞ্চলিক মহাসড়কগুলোতে বাস চলাচল আপাতত বন্ধ রাখা হয়েছে। আমরা পুলিশকে ঘটনার সঙ্গে জড়িত দুই যুবকের নাম দিয়েছি। পুলিশের পদক্ষেপের ওপর ভিত্তি করে কর্মসূচি দেব। আপাতত অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ থাকবে।’

মাগুরার সব আঞ্চলিক মহাসড়কে বাস চলাচল বন্ধ থাকলেও জেলার ওপর দিয়ে যাওয়া জাতীয় মহাসড়কে বাস চলাচল স্বাভাবিক রয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, এ ঘটনায় এখনো মামলা হয়নি। তবে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ঢাকায় ময়নাতদন্ত শেষে লাশ মাগুরায় আনা হচ্ছে।