মাগুরার সাংসদ সিরাজুল আকবরের ইন্তেকাল

মাগুরা-১ আসনের সাংসদ শিশুরোগ বিশেষজ্ঞ মো. সিরাজুল আকবর আজ সোমবার রাত সাড়ে আটটার দিকে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।
সিরাজুল আকবর স্ত্রী ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ও মাগুরা জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন।
সাংসদ সিরাজুল আকবরের ভাতিজা (বড় ভাইয়ের ছেলে) আইনজীবী মাহবুবুল আকবর কল্লোল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, গতকাল রোববার আওয়ামী লীগের জেলা সম্মেলনে সিরাজুল আকবরকে সভাপতি মনোনীত করা হয়। আজ বিকেল চারটার দিকে তিনি ছোট ভাই আইনজীবী আলী আকতার ও তাঁর স্ত্রীকে সঙ্গে নিয়ে নিজের গাড়িতে ঢাকায় ফিরছিলেন। পথে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঢাকার সাভার এলাকায় তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত সাড়ে আটটার দিকে তিনি মারা যান।
মো. সিরাজুল আকবর আওয়ামী লীগের মনোনয়নে ১৯৯৬, ২০০১, ২০০৮ ও ২০১৪ সালে মাগুরা-১ আসন থেকে সাংসদ নির্বাচিত হন।