মাগুরার সীমাখালীতে বেইলি সেতু হচ্ছে

মাগুরার শালিখা উপজেলার সীমাখালীতে চিত্রা নদীতে ভেঙে পড়া বেইলি সেতুটির পাশে আপাতত বেইলি সেতু হচ্ছে। কাজ পেয়েছে তিনটি ঠিকাদারি প্রতিষ্ঠান। এখনো কার্যাদেশ না পেলেও তারা নির্মাণসামগ্রী ফেলতে শুরু করেছে। সেতুর পাশে ড্রেজার দিয়ে মাটি কাটা হচ্ছে।
মাগুরা-যশোর মহাসড়কের এ সেতুটি গত ১৩ ফেব্রুয়ারি নদীতে ভেঙে পড়ে। ঘটনার সময় এর ওপরে ছিল পণ্যবাহী দুটি ট্রাক ও একটি পিকআপ। এগুলোর ওজন ছিল সেতুটির ভারবহন ক্ষমতার প্রায় ৯ গুণ বেশি। সেতুটি ভেঙে পড়ায় দক্ষিণবঙ্গের সবচেয়ে গুরুত্বপূর্ণ এ সড়কপথে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সীমাহীন দুর্ভোগে পড়েন এ সড়কপথে চলাচলকারী যাত্রীরা।
জানতে চাইলে মাগুরা সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. নুরুন্নবী তরফদার গত শনিবার প্রথম আলোকে বলেন, ‘সেতুটি নির্মাণ করা হয়েছিল ১৯৮১-৮২ সালে। ২২ মেট্রিক টন ভারবহনের উপযোগী ছিল। কিন্তু ঘটনার দিন সেতুর ওপর ওঠা পণ্যবাহী দুটি ট্রাক ও একটি পিকআপের ওজন ছিল প্রায় ২০০ মেট্রিক টন। এ কারণে সেতুটি ভেঙে পড়েছিল। আর ভেঙে পড়ার দু-এক মিনিট আগে আরও দুটি রডবোঝাই ট্রাক ওই সেতুর ওপর দিয়ে গিয়েছিল বলে আমরা জেনেছি। তার ওজনও ১৫০ মেট্রিক টনের ওপরে ছিল।’
সেতুটি ভেঙে পড়ার পর ইতিমধ্যে দেড় মাসের বেশি সময় পার হয়ে গেছে। অথচ ঘটনার পর পরিদর্শনে আসা সওজসহ সরকারের একাধিক দপ্তরের দায়িত্বশীল ব্যক্তিরা দুই সপ্তাহের মধ্যে মাগুরা-যশোর মহাসড়কে যোগাযোগব্যবস্থা সচলের ঘোষণা দিয়েছিলেন। পাশাপাশি দ্রুততম সময়ের মধ্যে চার লেনের কংক্রিটের সেতু নির্মাণের প্রতিশ্রুতিও দেওয়া হয়। পরিদর্শনকারী ব্যক্তিদের মধ্যে ছিলেন স্থানীয় সাংসদ এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান শিখর এবং নির্বাহী প্রকৌশলী নুরুন্নবী তরফদারের পাশাপাশি ঢাকা থেকে আসা সওজের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এ প্রসঙ্গে নির্বাহী প্রকৌশলী বলেন, ভেঙে পড়া সেতুর পাশে ৪০ মিটার অর্থাৎ প্রায় ১৩৫ ফুট লম্বা দুই লেনের একটি বেইলি সেতু ও বাইপাস সড়ক তৈরি করা হচ্ছে। এর ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ৬০ লাখ টাকা। দেড়-দুই বছরের জন্য অস্থায়ী ভিত্তিতে এ বেইলি সেতু করা হচ্ছে। এ সময়ের মধ্যে সেখানে কংক্রিটের চার লেনের স্থায়ী সেতু নির্মাণ করা হবে। এখন কংক্রিটের সেতুর জন্য মাটি পরীক্ষা ও নকশা তৈরির কাজ চলছে।
গত শনিবার সকালে গিয়ে দেখা গেল, ঠিকাদারি প্রতিষ্ঠানের শ্রমিকেরা আশপাশের ঝোপঝাড়, আগাছা কাটছেন। কিছু কিছু মালামাল সেতুর পাশে এনে জড়ো করা হয়েছে। নির্মাণকাজ শুরুর বড় প্রস্তুতি চলছে। সেতুর উত্তর ও দক্ষিণ পাশে ড্রেজার লাগিয়ে মাটি কাটা হচ্ছে।
সওজ সূত্র জানায়, বেইলি সেতু ও বাইপাস সড়ক নির্মাণের জন্য কাজ পেয়েছে তিনটি প্রতিষ্ঠান। এগুলো হলো মাগুরার মেসার্স শেখ মো. হারুন অর রশীদ, খুলনার এইচ অ্যান্ড আর এবং নড়াইলের লাবণী এন্টারপ্রাইজ। ১৬ মার্চ দরপত্রের মাধ্যমে তাদের নিয়োগ দেওয়া হয়েছে। কার্যাদেশের জন্য কাগজপত্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তবে এখনো অনুমোদন আসেনি।
ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স শেখ মো. হারুনের স্বত্বাধিকারী শেখ মো. হারুন অর রশীদ বলেন, ‘বেইলি সেতু নির্মাণের মূল কাজ পেয়েছে আমার প্রতিষ্ঠান। এখনো কার্যাদেশ পাইনি। তারপরও প্রাথমিক কাজের জন্য কিছু কিছু মালামাল ফেলেছি। আশা করছি, দ্রুত কার্যাদেশ পাব। তখন দ্রুত মূল কাজ শুরু করব। কার্যাদেশ পাওয়ার ৩৫ দিনের মধ্যে কাজ শেষ করতে হবে।’
এ সড়কপথে ঢাকা থেকে যশোর, বেনাপোল, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরাগামী যানবাহন চলাচল করে। সেতু ভেঙে পড়ার পর যানবাহনগুলো ঝিনাইদহ হয়ে অতিরিক্ত ৩৪ কিলোমিটার পথ ঘুরে যাওয়া-আসা করতে বাধ্য হচ্ছে। সীমাখালীর ৪ কিলোমিটার দূরে বড়খুদড়ার ছোট সেতু পার হয়ে ছোট ছোট কিছু যানবাহন চলাচল করছে। কিন্তু কদিনেই সড়কটি ভেঙে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।
আর ভেঙে পড়া সেতুটির পাশে তৈরি করা দুটি সাঁকো দিয়ে এখন পথচারীরা চলাচল করছেন। সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে বাইসাইকেল, মোটরসাইকেল, ভ্যানও চলতে দেখা গেল। বাঁশের সাঁকো দুটির একটি সওজ এবং অপরটি স্থানীয় ছাত্রলীগ তৈরি দিয়েছে।
মাস পেরোলেও সেতুর নির্মাণকাজ শুরু না হওয়ায় স্থানীয় লোকজন ১৬ মার্চ সেতু এলাকায় গণসমাবেশ করে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন। তবে দেরিতে হলেও বেইলি সেতুর কাজ শুরু হওয়ায় অনেকে স্বস্তির কথা জানালেন।
স্থানীয় শতখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ‘সীমাখালী সেতুটি ঢাকা-খুলনা মহাসড়কে। সেতুটি ভেঙে পড়ার এক সপ্তাহের মধ্যে পাশে বেইলি সেতু করা উচিত ছিল। প্রতিমন্ত্রী, রাজনৈতিক নেতা এবং সওজের ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতিশ্রুতির পরও তা হয়নি। এটা দুঃখজনক। তবে আমলাতান্ত্রিক জটিলতা কাটিয়ে দ্রুতই বেইলি সেতুর কাজ হবে বলে শুনছি। সেতুটি হলে মানুষ হাঁফ ছেড়ে বাঁচবে।’