মাগুরায় আ.লীগের দুই পক্ষে সংঘর্ষ গুলি, পুলিশসহ আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরা শহরের মোল্লাপাড়ায় গতকাল শুক্রবার রাতে আওয়ামী লীগের দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে পুলিশের চার সদস্য আহত হয়েছেন। পুলিশের ছোড়া ছররা গুলিতে আহত হয়েছেন ছয়জন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মোল্লাপাড়ায় মোল্লা ও শেখ গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। গতকাল সকাল সোয়া সাতটার দিকে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মওলা মোল্লাবাড়ির পাশে এক রিকশাচালককে মারধর করেন। একপর্যায়ে ওই রিকশাচালক দৌড়ে পাশে শেখ গোষ্ঠীর মেহেদী হাসানের বাড়িতে আশ্রয় নেন। মেহেদী ওই চালকের পক্ষে কথা বললে এতে মওলা ক্ষুব্ধ হন। পরে তিনি বাড়ি ফিরে যান। এর কিছুক্ষণ পর মোল্লাবাড়ির কয়েকজন মেহেদীর বড় ভাই তুষার শেখের বাড়িতে হামলা চালায়। এ সময় তুষারকে কুপিয়ে জখম করে তারা। এ ঘটনার জের ধরে রাত সোয়া আটটার দিকে পুলিশের উপস্থিতিতেই দুই গোষ্ঠীর লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ শটগানের ৫৯টি গুলি ছোড়ে।
এতে মওলার ছোট ভাই পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আকরাম মোল্লা (৫৪), জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার কাউন্সিলর মকবুল হোসেন মাকুল, সাইদুর রহমান, শরীফুল ইসলাম, আলফাজ হোসেন ও হৃদয় মোল্লা গুলিবিদ্ধ হন। এ ছাড়া, পুলিশের উপপরিদর্শক রফিকুল ইসলাম, কনস্টেবল ফরহাদ হোসেন, মামুদুল হক ও মো. মাহাবুবুর রহমান ইটের আঘাতে আহত হন। তাঁরা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।