মাগুরায় আ.লীগের দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত
মাগুরার শ্রীপুর উপজেলার ছাবিনগর গ্রামে গতকাল বুধবার আওয়ামী লীগের সমর্থক দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত ও ১৫ জন আহত হয়েছে। এ সময় ১০-১২টি বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।আওয়ামী লীগ সূত্র জানায়, উপজেলার গয়েশপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) বিগত নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দুই নেতা প্রতিদ্বন্দ্বিতা করেন। তাঁদের একজন মো. ইউসুফ আলী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাংসদ এম এস আকবরের সমর্থক। অন্যজন তৃণমূল আওয়ামী লীগ-সমর্থিত মো. আবদুল হালিম। নির্বাচনে আবদুল হালিম জয়লাভ করেন। নির্বাচনের পর থেকে দুই প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে বিরোধ চলছে।প্রত্যক্ষদর্শী সূত্রের বিবরণ অনুযায়ী, ছাবিনগর গ্রামের বাদশা মণ্ডল গতকাল সকাল ১০টার দিকে স্থানীয় একটি দোকানে মালামাল কিনতে যান। এ সময় আবদুল হালিমের সমর্থকেরা তাঁকে মারধর করে। এ ঘটনার পর ওই গ্রামের দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। পুলিশের উপস্থিতিতেই বিকেল পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ, বাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। সংঘর্ষকালে বেলা একটার দিকে ইউসুফের সমর্থক খয়বার মণ্ডল (৫৬) ঘটনাস্থলে মারা যান। এ ঘটনায় আহত ১০ জনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ইউসুফের সমর্থক হাবিবুর রহমানের অবস্থা গুরুতর। ইউসুফ আলী প্রথম আলোকে বলেন, ‘নির্বাচন নিয়ে আমাদের দুজনের দ্বন্দ্ব আছে সত্য। তবে আজকের (বুধবার) মারামারি তারাই বাধিয়েছে।’