মাগুরায় আওয়ামী লীগের প্রার্থীর জন্মতারিখ দুটি!
মাগুরা পৌর নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী খুরশীদ হায়দার ওরফে টুটুলের জন্মতারিখ দুটি।
এমনকি হলফনামার সঙ্গে রিটার্নিং কর্মকর্তার কাছে তাঁর দাখিল করা এসএসসি পাসের শিক্ষাগত যোগ্যতার সনদের অনুলিপিটিও ভুয়া। এমন দাবি করেছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী জেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মাহবুবুল আকবর ওরফে কল্লোল।
মাহবুবুল আকবর দাবি করেন, হলফনামায় মিথ্যা তথ্য দেওয়ায় খুরশীদের প্রার্থিতা বাতিল হওয়া উচিত। এ ছাড়া শিক্ষাসনদ জালিয়াতি করায় তাঁর বিরুদ্ধে জালিয়াতি মামলা হওয়া উচিত। অথচ গুরুতর এ অভিযোগটি রিটার্নিং কর্মকর্তার নজরে আনলেও তিনি আমলে নিচ্ছেন না।
মাহবুবুল আকবরের অভিযোগ ও খুরশীদ হায়দারের হলফনামা সূত্রে জানা গেছে, হলফনামা অনুযায়ী খুরশীদ হায়দারের জন্মতারিখ ১৯৬৮ সালের ৯ অক্টোবর। অথচ হলফনামার সঙ্গে তিনি এসএসসি পাসের শিক্ষাসনদের যে অনুলিপি দিয়েছেন, তাতে তাঁর জন্মতারিখ ১৯৭৪ সালের ৫ এপ্রিল।
মাহবুবুল আকবর বলেন, ‘মনোনয়নপত্র বাছাইয়ের আগেই আমি বিষয়টি রিটার্নিং কর্মকর্তার দৃষ্টিগোচরে এনেছি। কিন্তু তিনি বিষয়টি আমলে নেননি। পরে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর রিটার্নিং কর্মকর্তা ওই ব্যাপারে কোনো অভিযোগ থাকলে জেলা প্রশাসকের কাছে আপিলের পরামর্শ দেন। আপিলের জন্য রিটার্নিং কর্মকর্তার কাছে খুরশীদ হায়দারের হলফনামা এবং হলফনামার সঙ্গে সংযুক্ত কিছু কাগজপত্রের অবিকল নকল (সার্টিফাইড কপি) চেয়ে আবেদন করি। কিন্তু তিনি নকল না দিয়ে ঘোরাচ্ছেন। যে কারণে আপিল করা যাচ্ছে না। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের তিন দিনের মধ্যে আপিল করতে হয়। অভিযোগ প্রসঙ্গে রিটার্নিং কর্মকর্তা মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খন্দকার আজিম আহমেদ গতকাল মঙ্গলবার বলেন, ‘আবেদনটি পাওয়ার পরই আমি নকল দেওয়ার জন্য নকলখানাকে নির্দেশ দিয়েছি। কিন্তু তিনি কেন পাননি, তা বলতে পারব না।’
মাগুরা জেলা প্রশাসক মুহ. মাহবুবর রহমান গতকাল বলেন, ‘এখন পর্যন্ত কেউ আপিল করেনি। নকলের আবেদন করে না পাওয়া বা ওই সব বিষয়ে আমি কিছু জানি না। বিষয়টি স্পর্শকাতর। তাই আমি ওই ব্যাপারে কোনো কথা বলব না। আপনি রিটার্নিং কর্মকর্তার সঙ্গে কথা বলুন।’
খুরশীদ হায়দার হলফনামার সঙ্গে এসএসসি পাসের যে শিক্ষাসনদের অনুলিপি দিয়েছেন, সে অনুযায়ী ১৯৯০ সালে তিনি বড়ইয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে মানবিক শাখায় দ্বিতীয় বিভাগে এসএসসি পাস করেন। মাগুরা জেলা শিক্ষা কর্মকর্তা মো. ফজলে আলম প্রথম আলোকে বলেন, মাগুরায় ওই নামে কোনো মাধ্যমিক বিদ্যালয় নেই।
মাহবুবুল আকবর প্রথম আলোকে বলেন, ‘আপিলের জন্য এখনো নকলের কপি হাতে পাইনি। রিটার্নিং কর্মকর্তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। তিনি সময় নষ্ট করে আমাকে আপিল করা থেকে বঞ্চিত
করতে চান।’