মাগুরায় আগুনে আট দোকান ভস্মীভূত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরা সদর উপজেলার আলোকদিয়া বাজারে গত সোমবার রাতে আগুনে আটটি দোকান পুড়ে গেছে। আড়াই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে আলোকদিয়া বাজারের রফিকুল ইসলামের দোকান ঘরে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। দ্রুত তা পাশের নুরোল মোল্লা, চাঁদ আলী, রফিক ফকির, আমিরুল ইসলাম, শাহ আলম, মিলন হোসেন ও ওসমান মোল্লার ঘরে ছড়িয়ে পড়ে।

মাগুরা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা আক্কাস আলী বলেন, দোকানগুলোর বেশির ভাগই গুদাম হিসেবে ব্যবহার করা হতো। সেখানে ধান, পাট, ভুসিমাল মজুত ছিল। এ ছাড়া চায়ের দোকানও ছিল। খবর পেয়ে রাত আড়াইটার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা মাগুরা থেকে আলোকদিয়া বাজারে রওনা হন। সেখানে পৌঁছাতে প্রায় আধা ঘণ্টা লাগে। এরই মধ্যে অনেক ক্ষয়ক্ষতি হয়ে যায়। প্রায় আড়াই ঘণ্টা চেষ্টার পর আগুন নেভানো সম্ভব হয়।

তবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী নুরোল মোল্লা ও চাঁদ আলী দাবি করেন, আগুনে তাঁদের অন্তত ২০ লাখ টাকার মালপত্র পুড়ে গেছে।