মাগুরায় আটক সাতজন জঙ্গি নন, বিক্রয়কর্মী
মাগুরার শালিখা উপজেলা সদর আড়পাড়ায় গত শুক্রবার রাতে জামায়াতের এক নেতার বাড়িতে অভিযান চালিয়ে জঙ্গি সন্দেহে আটক সাতজন জঙ্গি নন, বিক্রয়কর্মী। ঈদ উপলক্ষে তাঁরা কসমেটিকসহ বিভিন্ন জিনিসপত্র ফেরি করে বিক্রির জন্য এসেছিলেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিষয়টি নিশ্চিত হয়েছে পুলিশ। তবে আটক বাড়ির মালিক জামায়াত নেতা আইনজীবী ফরিদ আহমেদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।
গত শুক্রবার রাতে পুলিশ দাবি করেছিল, তারা ওই বাড়ি তল্লাশি করে প্রচুর জিহাদি বইপত্র, রিচার্জেবল ব্যাটারি তৈরির ইলেকট্রনিক ডিভাইস ও জাল টাকা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে। এ ছাড়া জঙ্গি সন্দেহে ওই সাতজনসহ বাড়ির মালিককে আটক করা হয়েছে।
শুক্রবার রাত ৯টার দিকে মাগুরা জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, জেলা জামায়াতের সাবেক শ্রমবিষয়ক সম্পাদক আইনজীবী ফরিদ আহমেদের বাড়ি আড়পাড়ায় উপজেলা পরিষদের প্রধান ফটকের পাশে। বাড়িটি তিনতলা।
ইফতারের পর পুলিশের কাছে খবর আসে ওই বাড়ির নিচতলায় সাতজন লোক ব্যাগ নিয়ে ঢুকেছেন। তাঁরা জঙ্গি বা অন্য কিছু হতে পারেন। খবর পেয়ে পুলিশ দ্রুত বাড়িটি ঘিরে ফেলে। পরে ব্যাগ নিয়ে ঢোকা বাচ্চু মিয়া, ওবায়দুর রহমান, আবুল বাসার, রবিউল ইসলাম, জাহিদুল ইসলাম, আনোয়ার হোসেন ও জাহাঙ্গীর হোসেন নামের সাতজনকে জঙ্গি সন্দেহে আটক করা হয়। তাঁদের বাড়ি ফরিদপুরের ভাঙ্গায়।
আটক ব্যক্তিরা দাবি করেন, দুই হাজার টাকা ভাড়ায় তাঁরা আসন্ন ঈদ পর্যন্ত ফরিদ আহমেদের বাড়ির নিচতলা ভাড়া নিয়েছিলেন। ঈদ উপলক্ষে তাঁরা বিভিন্ন জিনিস ফেরি করে বিক্রি করেন। মূলত তাঁরা হকার (বিক্রয়কর্মী)।
অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, জঙ্গি সন্দেহে সাতজনকে আটকের পর পুলিশ ওই বাড়িতে তল্লাশি চালায়। এ সময় প্রচুর জিহাদি বইপত্র, রিচার্জেবল বাল্ব তৈরির ইলেকট্রনিক ডিভাইস ও জাল টাকা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে বাড়ির মালিক আইনজীবী ফরিদ আহমেদকেও আটক করা হয়। ফরিদ আহমেদ নাশকতাসহ বিভিন্ন মামলার আসামি। বর্তমানে তিনি জামিনে রয়েছেন।
জানতে চাইলে শালিখা থানার ওসি রবিউল ইসলাম গতকাল শনিবার বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনে হয়েছে আটক সাতজন হকার। তাঁরা ঈদের আগে এ অঞ্চলে প্রসাধনসামগ্রী, রিচার্জেবল বাল্বসহ বিভিন্ন জিনিস বিক্রির জন্য এসেছিলেন। তাই তাঁদের ৫৪ ধারায় আটক দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। তবে বাড়ির মালিক ফরিদ আহমেদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। তাঁকেও আদালতে পাঠানো হয়েছে।
তাহলে নিরীহ হকারদের কেন জঙ্গি সন্দেহে আটকের কথা বলা হলো—এমন প্রশ্নের জবাবে ওসি বলেন, যেহেতু তাঁরা সাতজনই ব্যাগ নিয়ে ওই বাড়িতে ঢুকেছিলেন। বাড়িটি জামায়াত নেতার। স্থানীয় লোকজন পুলিশকে ওই তথ্য জানিয়েছিলেন। তাই পুলিশ তাঁদের আটক করে। তবে তাঁরা সন্দেহের বাইরে নন। আপাতত ৫৪ ধারায় আটক দেখিয়ে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।