মাগুরায় আটক সেই ছাত্র সাত দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরায় বেড়াতে গিয়ে আটক হওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ছাত্র আবদুর নূরের (২৩) সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল শনিবার দুপুরে মাগুরার জ্যেষ্ঠ বিচারিক হাকিম দ্বিতীয় আদালতের হাকিম শম্পা বসু ওই রিমান্ড মঞ্জুর করেন।

পুলিশ জানায়, শালিখা উপজেলার শতখালী গ্রাম এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা সময় গত বুধবার সকালে আবদুর নূরকে আটক করা হয়। তিনি চট্টগ্রামের পটিয়া উপজেলার হরিণখাইন গ্রামের সৌদিপ্রবাসী মো. আবদুর রশীদের ছেলে। জিজ্ঞাসাবাদে তাঁর বিরুদ্ধে কোনো অভিযোগ বা রাজনৈতিক সংশ্লিষ্টতা পায়নি পুলিশ। পরীক্ষা শেষ হওয়ায় তিনি এ অঞ্চলে ঘুরতে বেরিয়েছিলেন। তবে তাঁর মুঠোফোনে মাগুরাসহ আশপাশের জেলার দর্শনীয় ও ঐতিহাসিক জায়গার ছবি ধারণ করা ছিল। এ কারণে বর্তমান পরিস্থিতি বিবেচনা করে শালিখা থানার উপপরিদর্শক বিশারুল ইসলাম ১৪ জুলাই তাঁর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের ১৫ ও ১৬ ধারায় মামলা করেন। মুঠোফোনে ধারণ করা দর্শনীয় ও ঐতিহাসিক ওই সব স্থানে জঙ্গি হামলার আশঙ্কা থেকে মামলাটি করা হয় বলে পুলিশ জানায়।

শালিখা থানার ওসি রবিউল ইসলাম গতকাল দুপুরে রিমান্ড মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন।