মাগুরায় আরও এক আসামি গ্রেপ্তার
মাগুরায় ছাত্রলীগের গোলাগুলিতে মায়ের জঠরে শিশু গুলিবিদ্ধ ও এক ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় করা মামলায় আজ সোমবার সকালে আরও এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে এই মামলায় নয়জন আসামিকে গ্রেপ্তার করা হলো।
গ্রেপ্তার হওয়া মো. লিটন (২১) মামলার ১১ নম্বর আসামি। মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, সকাল আটটার দিকে শালিখা উপজেলার কাদিরপাড়া এলাকা থেকে লিটনকে গ্রেপ্তার করা হয়।
এর আগে গতকাল রোববার রাতে মাগুরার আলমখালী বাজার এলাকা থেকে এই মামলার আরও দুই আসামিকে গ্রেপ্তার করে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। তাঁরা হলেন মো. ফরিদ (৩৫) ও মো. মিল্টন (১৯)।
চাঞ্চল্যকর এ মামলার ১৬ জন আসামির সাতজনকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। গত ১৭ দিনে উদ্ধার করতে পারেনি কোনো অস্ত্র।
এ মামলায় প্রধান আসামি ছাত্রলীগের নেতা সেন সুমন সাত দিনের রিমান্ডে রয়েছেন। গতকাল রোববার মাগুরা সদর সহকারী জজ আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম ফারাহ্ মামুন এই রিমান্ড মঞ্জুর করেন।
গুলিবিদ্ধ শিশু সুরাইয়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসক জানিয়েছেন, শিশুটির শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তাকে গতকাল আবারও রক্ত দেওয়া হয়েছে।
গত ২৩ জুলাই মাগুরা শহরের দোয়ারপাড় কারিগরপাড়ায় ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হন অন্তঃসত্ত্বা নাজমা বেগম। তাঁর পেটের ভেতরে থাকা শিশুর শরীরও গুলিতে এফোঁড়-ওফোঁড় হয়ে যায়। মাগুরায় অস্ত্রোপচারের মাধ্যমে কন্যাশিশুর জন্ম দেন নাজমা। পরে শিশুটিকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। এরপর পাঠানো হয় তার মাকে। ওই ঘটনায় গুলিবিদ্ধ ও বোমায় আহত নাজমার চাচাশ্বশুর মমিন ভূঁইয়া সংঘর্ষের পরদিন মারা যান। সংঘর্ষের ঘটনায় ১৬ জনকে আসামি করে গত ২৬ জুলাই একটি মামলা হয়। মামলার বাদী নিহত মমিন ভূঁইয়া ছেলে রুবেল ভূঁইয়া।