মাগুরায় আরও ৫ জন করোনা পজিটিভ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাগুরায় আরও পাঁচজনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। তবে তাঁদের কারও উল্লেখযোগ্য উপসর্গ নেই।
গতকাল রোববার খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাব থেকে পাওয়া এ তথ্য নিশ্চিত করেছে মাগুরা সিভিল সার্জন কার্যালয়।
মাগুরা সিভিল সার্জন কার্যালয়ের নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বে থাকা চিকিৎসা কর্মকর্তা আরিফুল ইসলাম জানিয়েছেন, আক্রান্ত কারও মধ্যে উল্লেখযোগ্য উপসর্গ নেই। তাঁরা সবাই শারীরিকভাবে সুস্থ আছেন। তাঁদের হোম আইসোলেশনে রাখা হয়েছে।
সিভিল সার্জন কার্যালয় সূত্র বলছে, নতুন পাঁচ জনসহ জেলায় আক্রান্ত ব্যক্তির মোট সংখ্যা দাঁড়াল ২৬। এর মধ্যে ১৯ জন আনুষ্ঠানিকভাবে করোনামুক্ত হয়েছেন। অন্য সাতজনের একজনকে ঢাকায় পাঠানো হয়েছে। অন্যরা নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।