মাগুরায় ইজতেমা শেষ হচ্ছে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে আজ শনিবার মাগুরায় তাবলিগ জামাতের আঞ্চলিক ইজতেমা শেষ হচ্ছে। গতকাল বৃহস্পতিবার সকালে মাগুরা সরকারি বালক উচ্চবিদ্যালয় ও আদর্শ কলেজ মাঠে এ ইজতেমা শুরু হয়। গতকাল শুক্রবার ইজতেমায় জুমার নামাজে প্রায় ৭০ হাজার মুসল্লি অংশ নেন।
প্রশাসন সূত্র জানায়, গতকাল ইজতেমায় প্রায় ৭০ হাজার মুসল্লি অংশ নেন। ইজতেমায় তারা কঠোর নিরাপত্তার ব্যবস্থা করেছে। পুলিশের পোশাকধারী সদস্যের পাশাপাশি সাদাপোশাকের সদস্যরা দায়িত্ব পালন করছেন। এ ছাড়া নিয়ন্ত্রণকক্ষ স্থাপন করে ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার মাধ্যমে ইজতেমা এলাকা পর্যবেক্ষণ করা হচ্ছে।
তাবলিগ জামাতের স্থানীয় আমির রুহুল আমিন বলেন, বৃহস্পতিবার সকালে হাজার হাজার মুসল্লির উপস্থিতিতে আমবয়ানের মধ্য দিয়ে ইজতেমা শুরু করেন। বয়ানে জেলার চার উপজেলা ও ৩৬টি ইউনিয়নের মুসল্লিরা শরিক হন। তাঁদের থাকা-খাওয়া, অজু-গোসল, পয়োনিষ্কাশনের ব্যবস্থা রয়েছে। চিকিৎসার জন্য মেডিকেল টিম ও রেড ক্রিসেন্টের কর্মীরা সার্বক্ষণিক কাজ করেছেন। দুর্ঘটনা ও জরুরি প্রয়োজনে প্রস্তুত রাখা হয়েছে ফায়ার সার্ভিস কর্মীদের।
ইজতেমায় আসা ওহিদুর রহমান নামের একজন বলেন, তাঁরা মহান আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করতে এবং দেশের মঙ্গল কামনা করতে ইজতেমায় এসেছেন।
অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, ইজতেমা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে যেভাবে নিরাপত্তাব্যবস্থা নেওয়া প্রয়োজন তাই নেওয়া হয়েছে। মাগুরার পাশাপাশি পাশের চারটি জেলা থেকেও অতিরিক্ত পুলিশ নিয়ে আসা হয়েছে।