মাগুরায় এক বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি
মাগুরার মহম্মদপুর উপজেলার পলাশবাড়িয়া ইউনিয়নের রো-নগর গ্রামে গত শুক্রবার দিবাগত রাতে এক ব্যক্তির বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতেরা নগদ টাকাসহ ১৫ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
পুলিশ জানান, রো-নগর গ্রামের হাজি আব্দুর রউফের তিন ছেলে সপরিবারে কানাডা থাকেন। বাবা-মাকে ছেলেরা কানাডায় নিয়ে যেতে চাইলে তাঁরা যেতে চাননি। এ কারণে বড় ছেলে ইকরামুল হক বাবা-মার জন্য গ্রামের বিলাশবহুল দ্বিতল বাড়ি নির্মাণ করে দিয়েছেন।
আব্দুর রউফ ও রহিমা বেগম বলেন, শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে ১০-১৫ জনের একদল মুখোশধারী সশস্ত্র ডাকাত গ্রিল কেটে ঘরের ভেতরে ঢোকে। ডাকাতেরা অস্ত্রের মুখে তাঁদের জিম্মি করে প্রায় আড়াই ঘণ্টা ধরে স্বর্ণালংকার, টাকাপয়সা, মুঠোফোনসহ ১৫ লক্ষাধিক টাকার মালামাল লুট করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মহম্মদপুর থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, ডাকাতির ঘটনায় থানায় মামলা হয়েছে।