মাগুরায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা
মাগুরা সদর উপজেলার চর বাটাজোড় গ্রামে গতকাল বৃহস্পতিবার ভোরে ফারুক মোল্লা (৩৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তিনি আন্তজেলা ডাকাত দলের সদস্য ছিলেন এবং তাঁর বিরুদ্ধে ডাকাতিসহ অন্তত এক ডজন মামলা রয়েছে।পুলিশ ও স্থানীয় ব্যক্তিরা জানান, রাত দুইটার দিকে ফারুক মোল্লাকে (৩৫) তাঁর বাড়ি থেকে ডেকে নিয়ে বাড়ির কাছেই কুপিয়ে হত্যা করা হয়। সকালে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠায়।ফারুক মোল্লার স্ত্রী স্বপ্না বেগম জানান, চার-পাঁচ বছর আগে পাশের সিংড়া গ্রামের শফিক মোল্লার একটি মোটরসাইকেল চুরি হয়। ওই ঘটনায় ফারুক মোল্লাকে আসামি করে মামলা করা হয়। গতকাল রাতে তিনি বাড়িতে এলে সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এনামুল হকের ভাই ওহিদ হোসেন মোল্লা লোকজন নিয়ে এসে ফারুককে বাড়ি থেকে ধরে নিয়ে কুপিয়ে হত্যা করেন।তবে এনামুল হক বলেন, তাঁর ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে।