মাগুরায় একমাত্র নারী প্রার্থী শামসুন নাহার

মাগুরা সদর উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে ৩৮ জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে একমাত্র নারী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন শামসুন নাহার। তিনি রাঘবদাইড় ইউনিয়ন পরিষদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন। ৩১ মার্চ এই ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।
মাগুরা জেলা মহিলা দলের সাবেক সভানেত্রী শামসুন নাহারের স্বামী আলী আহমেদ জেলা বিএনপির সদস্যসচিব ও ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান। একাধিক মামলার কারণে আলী আহমেদ দীর্ঘদিন ধরে পলাতক রয়েছেন। এ অবস্থায় শামসুন নাহার নির্বাচনে অংশ নিচ্ছেন।
শামসুন নাহার প্রথম আলোকে বলেন, ‘এ কথা সত্যি স্বামীর জায়গায় আমি নির্বাচন করছি। কিন্তু স্বামীর জনপ্রিয়তায় নয়, ইউনিয়নের মানুষের কাছে আমার ব্যাপক গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা রয়েছে। দীর্ঘদিন সুখে-দুঃখে মানুষের পাশে আছি। কাজ করছি। তাই তারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবে।’
ইউনিয়নে চেয়ারম্যান পদে অন্য যাঁরা প্রতিদ্বন্দ্বিতা করছেন তাঁরা হচ্ছেন বিএনপির মো. শরফুদ্দিন আহমেদ, ইসলামী আন্দোলনের মো. রোস্তম আলী এবং স্বতন্ত্র প্রার্থী মো. আবু বক্কার সিদ্দিকী।