মাগুরা সদর উপজেলার জগদল ইউনিয়ন পরিষদের (ইউপি) গ্রামপুলিশের সদস্য রেজাউল ইসলাম ও আঠারখাদা ইউনিয়নে স্বরূপ বিশ্বাস নামের এক কলেজছাত্রকে হাতুড়িপেটা করা হয়েছে। নির্বাচনে রেজাউল ইসলাম আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান জাহিদ হোসেনের পক্ষে কাজ করায় তাঁর ওপর এ হামলা হয়েছে বলে অভিযোগ রয়েছে। পটুয়াখালীর বাউফলের সূর্যমণি ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন ফরাজীর পাঁচ সমর্থককে পিটিয়ে জখম করা হয়।
রেজাউল ইসলাম (৩০) বলেন, অসুস্থতার কারণে গত শুক্রবার রাত নয়টার দিকে তিনি আড়পাড়া বাজার থেকে চিকিৎসক দেখিয়ে বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছে আসতেই প্রতিবেশী আওয়ামী লীগের কর্মী ছিরু ফকিরসহ ছয়-সাতজন তাঁর ওপর হামলা চালান। হামলাকারীরা হাতুড়ি ও লোহার বাটখারা দিয়ে তাঁকে বেধড়ক পেটান। একপর্যায়ে তিনি অচেতন হয়ে পড়লে তাঁকে ফেলে রেখে হামলাকারীরা চলে যান। পরে স্থানীয় লোকজন তাঁকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করেন।
গতকাল শনিবার বিকেলে ছিরু ফকির বলেন, ‘ও নিয়ে পত্রিকায় লেখালেখি করবেন না। তাতে আমার দুর্নাম হয়ে যাবে।’ তিনি বলেন, ‘সম্পত্তি নিয়ে ওর সঙ্গে আমার বিরোধ ছিল।’
এদিকে মাগুরা সদর উপজেলার আঠারখাদা ইউনিয়নের মালন্দ গ্রামের কলেজছাত্র স্বরূপ বিশ্বাসকে (২২) গাছের সঙ্গে বেঁধে হাতুড়ি দিয়ে পিটিয়েছে সন্ত্রাসীরা। গতকাল দুপুরে এ ঘটনা ঘটে। স্বরূপ বিশ্বাস ওই গ্রামের পল্টন বিশ্বাসের ছেলে। পল্টন বিশ্বাস দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত আঠারখাদা ইউপি নির্বাচনে বিএনপির প্রার্থী বর্তমান চেয়ারম্যান অমরেশ বিশ্বাসের পক্ষে কাজ করেন। এই ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী সঞ্জীবন বিশ্বাস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
স্বরূপ বিশ্বাস বলেন, দুপুরে তিনি বাড়ির পাশে মাঠে যান। সেখান থেকে ছয়-সাতজন অপরিচিত যুবক তাঁকে ধরে মোটরসাইকেলে তুলে আঠারখাদা মঠবাড়ি এলাকায় নিয়ে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করে। সন্ত্রাসীরা প্রায় এক ঘণ্টা ধরে হাতুড়ি দিয়ে তাঁকে পেটায়। পরে স্থানীয় লোকজন এসে তাঁকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে এনে ভর্তি করেন।
স্বরূপ বিশ্বাস বলেন, তিনি মাগুরা এমসিইটি কলেজের ছাত্র। মাগুরা সদর হাসপাতালের অর্থোপেডিক বিশেষজ্ঞ চিত্তরঞ্জন রায় বলেন, দুজনেরই শরীরের অনেক জায়গার হাড় ভেঙে গেছে।
বাউফলের সূর্যমণি ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন ফরাজীর কয়েকজন সমর্থকের ওপর হামলা চালিয়ে এলোপাতাড়ি পিটিয়ে পাঁচজনকে জখম করা হয়েছে। গতকাল বেলা ১১টার দিকে রামনগর গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় একটি দোকান ও একটি ঘরের আসবাব ভাঙচুর ও লুটপাট করা হয়।