মাগুরায় কৃষক ও অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরার মহমঞ্চদপুর উপজেলার খলিশাখালী গ্রামে গতকাল শনিবার ভোরে নিপুর মোল্লা (৫৮) নামের এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ভয়ে পালাতে গিয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে এলাকাবাসী অভিযোগ করেছেন। মাগুরা-যশোর সড়কের সদর উপজেলার আঙ্গারদাহ এলাকায় গতকাল সকালে অজ্ঞাতনামা (৩০) এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ।পুলিশ ও গ্রামের লোকজন জানান, শুক্রবার রাত তিনটার দিকে মামলার আসামি ধরতে পুলিশ খলিশাখালী গ্রামে যায়। পুলিশ পাঁচজনকে গ্রেপ্তারও করে। পরদিন সকালে ওই গ্রামের কৃষক নিপুর মৃতদেহ বাড়ির আধা কিলোমিটার দূরে একটি পাটখেত থেকে উদ্ধার করা হয়।এলাকাবাসীর অভিযোগ, পুলিশের ভয়ে বাড়ি থেকে পালাতে গিয়ে নিপুর মোল্লা মারা গেছেন। পরে পুলিশ লাশের ময়নাতদন্ত না করেই লাশ দাফনের জন্য পরিবারের ওপর চাপ সৃষ্টি করে। তবে এ ব্যাপারে যোগাযোগ করা হলে নিহত নিপুর পরিবারের লোকজন কথা বলতে রাজি হননি।অভিযোগ অস্বীকার করে মহমঞ্চদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছগির মিঞা বলেন, ‘পুলিশ অন্য আসামি ধরতে ওই গ্রামে গিয়েছিল। ওই ব্যক্তির বাড়িতে পুলিশ যায়নি। তিনি কোনো মামলার আসামিও ছিলেন না। আসামি ধরতে গেলে রাত সোয়া তিনটার দিকে তিনি বাড়ি থেকে পালিয়ে যান। সকালে বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে পাটখেত থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। পরিবারের লোকজনের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করা হয়েছে। থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।’আঙ্গারদহ থেকে উদ্ধার করা লাশ সম্পর্কে মাগুরা সদর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) শ্যামা প্রসাদ বলেন, সম্ভবত ওই তরুণ মানসিক প্রতিবন্ধী ছিলেন। রাতে কোনো যানবাহন তাঁকে চাপা দিলে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় সদর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।