মাগুরায় কৃষকনেতা খুন, পুলিশের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরা সদর উপজেলায় নবগঙ্গা নদীর চর এলাকায় সাদেক মাতুব্বর (৬০) নামের এক কৃষকনেতা খুন হয়েছেন। গত রোববার সকালে পুলিশ চর থেকে তাঁর লাশ উদ্ধার করে। তাঁর বাড়ি উপজেলার পুখুরিয়া গ্রামে। স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যদের দাবি, ভূমিহীনদের খাসজমি রক্ষায় আন্দোলন করতে গিয়েই খুন হয়েছেন সাদেক। এই ঘটনায় স্থানীয় পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে।স্থানীয় লোকজন জানান, আলোকিয়া গ্রামের কাছে নবগঙ্গা নদীর চরে চাষাবাদ করে আসছিল স্থানীয় ৫০টি ভূমিহীন পরিবার। প্রায় তিন বছর আগে পুখুরিয়া গ্রামের আনন্দ গোপাল দে নামের একজন প্রভাবশালী ব্যক্তি ভূমিহীনদের দখলে থাকা ওই খাসজমির মালিকানা দাবি করে আদালতে মামলা করেন। মামলা ও পুলিশি হয়রানির কারণে ভূমিহীনদের চাষাবাদ বন্ধ হয়ে যায়। এর পরিপ্রেক্ষিতে সাদেক মাতুব্বর, শফিজার বিশ্বাসসহ স্থানীয় কৃষকনেতারা ভূমিহীনদের অধিকার আদায়ে আন্দোলন করছিলেন। রোববার সকালে পুলিশ নবগঙ্গা নদীর চর থেকে সাদেক মাতুব্বরের ছিন্নভিন্ন লাশ উদ্ধার করে।সাদেক মাতুব্বরের ভাতিজা আবদুর রশিদ প্রথম আলোকে বলেন, শনিবার সন্ধ্যায় চাচা নদীর অন্য একটি চরের জমিতে সেচ দিতে গিয়ে আর ফিরে আসেননি। সকালে তাঁর লাশ পাওয়া গেছে। লাশের মাথা, হাতের কবজি কুপিয়ে বিচ্ছিন্ন করা ছিল। এলাকার কারও সঙ্গে বিরোধ ছিল না চাচার। চরের জমি নিয়ে বিরোধই তাঁর মৃত্যুর কারণ। চরের কয়েকজন বাসিন্দা ওই হত্যাকাণ্ডের সঙ্গে আইয়ুব কসাই নামের এক ব্যক্তির জড়িত থাকার অভিযোগ তুলেছেন। আইয়ুব কসাই চরে আনন্দ গোপালের জমি দেখাশোনা করেন। আইয়ুবের স্ত্রী জানান, সাদেক খুন হওয়ার পর সকালে বাড়ি থেকে বের হয়ে আর তিনি ফেরেননি।এই হত্যাকাণ্ডের ব্যাপারে গতকাল সোমবার বিকেলে আনন্দ গোপাল দে প্রথম আলোকে বলেন, ‘সাদেক মাতুব্বর আমার বর্গাদার ছিল। সে কৃষকদের নিয়ে আমার বিরুদ্ধে আন্দোলন করেছে ঠিকই কিন্তু আমার সঙ্গে তাঁর কোনো বিরোধ নেই। তাঁর হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার আমিও চাই।’এদিকে সাদেক মাতুব্বরের মৃত্যুর ঘটনায় মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রকিব খানের বিরুদ্ধে পক্ষপাতিত্ব ও অসদাচরণের অভিযোগ উঠেছে। নিহত সাদেকের ছেলে জাফর হোসেন অভিযোগ করেছেন, আনন্দ গোপাল দে ও অন্যদের নাম উল্লেখ করে মামলা করতে গেলে মামলা নিতে অস্বীকৃতি জানান ওসি। এ কথা না মানায় তাঁকে থানায় আটকে রেখে ভয়ভীতি দেখানো হয়েছে। স্থানীয় সাংসদের হস্তক্ষেপে তিনি ছাড়া পান। সাংসদের অনুরোধ সত্ত্বেও ওসি সুনির্দিষ্ট অভিযোগে মামলা না নিয়ে রেজাউল নামের এক উপপরিদর্শককে (এসআই) দিয়ে এজাহার লেখিয়ে তাতে স্বাক্ষর করিয়ে নিয়েছেন। তাই তিনি পরে মাগুরা মুখ্য বিচারিক হাকিম আদালতে মামলা করেছেন। অভিযোগ সম্পর্কে মাগুরা সদর থানার ওসি আবদুর রকিব খান বলেন, ‘কারও ওপর চাপ সৃষ্টি করিনি।’