মাগুরায় খাসজমি দখলে নিতে ভূমিহীনের বাড়িতে হামলা
খাসজমি থেকে উচ্ছেদের জন্য মাগুরার সদর উপজেলার হাজরাপুর গ্রামের ভাঙা সেতু এলাকায় গত শুক্রবার ভূমিহীন একটি পরিবারের সদস্যদের ওপর হামলা করা হয়েছে এবং তাদের বসতঘর ভাঙচুর করা হয়েছে। রেজাউল ইসলাম ওরফে তোতা মিয়া নামের এক ব্যক্তি ওই জমি দখলের জন্য এ কাজ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।স্থানীয় সূত্রে জানা গেছে, ভূমিহীন আবদুল হামিদ মিয়া (৫৬) পরিবারের সাত সদস্যকে নিয়ে ওই খাসজমিতে বসবাস করছেন। কয়েক বছর আগে ওই জমির পাশে মাগুরা শহরের কলেজপাড়ার রেজাউল ইসলাম কিছু জমি কেনেন। এর পর থেকেই তিনি ওই জমির দখল নিতে হামিদ মিয়াকে অন্যত্র চলে যাওয়ার জন্য হুমকি দিয়ে আসছিলেন।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে রেজাউল ইসলাম ১৫-১৬ জন লোক নিয়ে হামিদ মিয়ার বাড়িতে হামলা চালান। এ সময় হামিদ মিয়ার অনুপস্থিতে হামলাকারীরা রান্নাঘর, জ্বালানি রাখার ঘর ভাঙচুর ও তছনছ করেন। তাঁর স্ত্রী ফাতেমা বেগম ও বাকপ্রতিবন্ধী ছেলে আবু বক্কার (৬) ঘরে ছিল।শুক্রবার দুপুরে ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, ভূমিহীন ওই পরিবারের সদস্যরা ভেঙে দেওয়া ঘরের সামনে বসে আহাজারি করছে। খবর পেয়ে পুলিশ ও সদর সহকারী কমিশনার (ভূমি) জিলাল হোসেন ঘটনাস্থলে এসেছেন। ভাঙচুর করা ঘর ও মালামাল ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে।ফাতেমা বেগম অভিযোগ করে বলেন, ‘আমরা গরিব মানুষ। ২০ থেকে ২৫ বছর ধরে সরকারি জমিতে ঘর বেঁধে থাকছি। এহন তোতা মিয়া আমাগের বাড়ি ছাড়ে চলে যাতি বলছে। ভয় দেখাচ্ছে।’ আবদুল হামিদ মিয়া অভিযোগ করে বলেন, ‘তোতা মিয়া আগেও আমাকে এই জমি ছেড়ে অন্য জায়গায় চলে যেতে হুমকি দিয়েছেন।’রেজাউল ইসলাম জানান, হামিদ মিয়া যে জমিতে বসবাস করছেন, সেই জমির মালিক তিনি (রেজাউল)। তাঁকে (হামিদ) ওই জমি ছেড়ে অন্যত্র চলে যেতে বলেছিলেন। কিন্তু কথা না শোনায় লোকজন দিয়ে তাঁদের উচ্ছেদের চেষ্টা করা হয়েছে।সহকারী কমিশনার (ভূমি) জানান, ওই জমি সরকারের ১ নম্বর খাস খতিয়ানভুক্ত। এখানে ১৩ শতাংশ জমি আছে। আবদুল হামিদ সেখানে ২০ থেকে ২৫ বছর ধরে বসবাস করছেন। তাঁকে বন্দোবস্ত দেওয়ার প্রক্রিয়াও চূড়ান্ত পর্যায়ে রয়েছে। হঠাৎ করে রেজাউল ইসলাম লোকজন নিয়ে তাঁকে জমি থেকে উচ্ছেদের চেষ্টা চালিয়েছেন। বিষয়টি ফৌজদারি অপরাধের পর্যায়ে পড়ে।মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান মুন্সী বলেন, ‘এসিল্যান্ডের কাছে ঘটনা শুনে আমি সেখানে একজন দারোগা পাঠিয়েছিলাম। ঘটনা সত্য। ক্ষতিগ্রস্ত ব্যক্তি মামলা দিলে তা গ্রহণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’