মাগুরায় গুলিসহ দুটি পিস্তল উদ্ধার একজন গ্রেপ্তার
গোয়েন্দা পুলিশ গতকাল রোববার মাগুরার পারনান্দুয়ালী কেন্দ্রীয় বাস টার্মিনালে এক বাসযাত্রীর কাছ থেকে ৩৪টি গুলিভর্তি চারটি ম্যাগাজিনসহ দুটি পিস্তল ও বোমা তৈরির ছয় প্যাকেট সরঞ্জাম উদ্ধার করেছে। মাগুরা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক মো. বদরুজ্জামান জানান, সকাল সাড়ে ১১টার দিকে গোয়েন্দা পুলিশের একটি দল বাস টার্মিনাল এলাকায় যশোর থেকে বরিশালগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালায়। এ সময় বাসযাত্রী রাশেদ গাজীর (৩০) শরীর তল্লাশি করে দুটি নতুন বিদেশি পিস্তল, ৩৪টি গুলিভর্তি চারটি ম্যাগাজিন ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। অত্যাধুনিক এই পিস্তল শুধু সেনাবাহিনী ব্যবহার করে থাকে। রাশেদ গাজীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি খুলনার ডুমুরিয়া উপজেলার খুলশি গ্রামের কেরামত আলী গাজীর ছেলে। এ ব্যাপারে সদর থানায় অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা হয়েছে। পুলিশ হেফাজতে রাশেদ গাজী প্রথম আলোকে জানান, তিনি অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম বেনাপোল থেকে ফরিদপুরের ভাঙ্গায় নিয়ে যাচ্ছিলেন। ভাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় অজ্ঞাত ব্যক্তির কাছে এগুলো পৌঁছে দেওয়ার কথা ছিল। তবে তাঁকে এগুলো কে দিয়েছেন তা তিনি জানাতে পারেননি।