মাগুরায় গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরার মহম্মদপুর উপজেলার জাঙ্গালিয়া গ্রামে গত বুধবার শারমিন নাহার (২০) নামের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। স্বামী, দেবর ও শাশুড়ির নির্যাতনে শারমিনের মৃত্যু হয়েছে বলে তাঁর পরিবার অভিযোগ করেছে। পুলিশ শারমিনের স্বামী ইলিয়াস শেখকে (৩০) আটক করেছে।শারমিনের পরিবার ও স্থানীয় লোকজন জানান, তিন বছর আগে মহম্মদপুর উপজেলা সদরের সূর্যকুণ্ডু গ্রামের ইউনুস শেখের মেয়ে শারমিনের সঙ্গে মাগুরা সদর উপজেলার সংকোচখালী গ্রামের হাসেম শেখের ছেলে ইলিয়াস শেখের বিয়ে হয়। শারমিন দেড় বছর বয়সী এক ছেলেকে নিয়ে মহম্মদপুর শহরের পাশে জাঙ্গালিয়া গ্রামের একটি বাড়িতে ভাড়া থাকতেন। সেখানে ইলিয়াসের বাবা-মা, ছোট ভাই ও বোনজামাইও থাকতেন। ইলিয়াস চাকরি করতেন ঢাকায়। শারমিনের বাবা ইউনুস শেখ অভিযোগ করেন, বিয়ের পর থেকে ইলিয়াস টাকার জন্য তাঁর মেয়েকে নির্যাতন করতেন। নির্যাতন ঠেকাতে তিনি বেশ কয়েকবার ইলিয়াসকে টাকাও দেন। কিন্তু তাঁর টাকার চাহিদা দিন দিন বাড়তে থাকে। এ জন্য ইলিয়াস প্রায়ই শারমিনকে মারধর করতেন। ঈদের ছুটিতে ইলিয়াস বাড়িতে এসে গত মঙ্গলবার রাতে শারমিনকে মারধর করেন। এ সময় শারমিনের শাশুড়ি লালজান বিবি, দেবর আহাদ শেখ ও ইলিয়াসের বোনজামাই রিপন শেখও মারধরে অংশ নেন। একপর্যায়ে শারমিন চেতনা হারিয়ে ফেলেন। এ সময় তাঁরা শারমিনের গলায় ওড়না পেঁচিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে চিৎকার-চেঁচামেচি করেন। ইলিয়াসদের ভাড়া বাসার এক প্রতিবেশী নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, ‘শারমিনকে তাঁর স্বামী ও শাশুড়ি প্রায়ই মারধর করতেন। মঙ্গলবার রাতে চেঁচামেচি শুনে আমরা গিয়ে দেখি, ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচানো শারমিনের লাশ ঝুলছে। কিন্তু লাশের পা দুটি ছিল মাটিতে। আত্মহত্যা হলে পা মাটিতে থাকত না।’শারমিনের মা রোজিনা বেগম কাঁদতে কাঁদতে বলেন, ‘আমার মেয়ের শরীরে অনেক আঘাতের চিহ্ন দেখেছি। ওরা ওকে মেরে ফেলেছে।’মহম্মদপুর থানার ওসি মনিরুল ইসলাম বলেন, ‘মূলত স্বামীর নির্যাতনেই শারমিন নাহার মারা গেছেন। আমরা কিছু তথ্যপ্রমাণও পেয়েছি। কিন্তু ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার আগে নিশ্চিত করে কিছু বলা ঠিক হবে না। ঘটনাটি সন্দেহজনক হওয়ায় শারমিনের স্বামী ইলিয়াস শেখকে আটক করে জেলহাজতে পাঠিয়েছি।’