মাগুরায় গ্রামবাসীর সংঘর্ষে আহত দুজনের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাগুরা সদর উপজেলার মালিক গ্রামে দুদল গ্রামবাসীর সংঘর্ষে আহত দুই যুবক মারা গেছেন। তাঁরা হলেন একই গ্রামের মো. ফরিদ (২২) ও নাঈম মোল্লা (২৬)।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গতকাল শুক্রবার বিকেলে দুদল গ্রামবাসীর সংঘর্ষ হয়। এতে ছয়জন আহত হয়। আহত লোকজনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় রাত সোয়া ১০টায় ফরিদ মারা যান।
নাঈমকে রাতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে আজ শনিবার সকালে তিনি মারা যান।
মাগুরার সহকারী পুলিশ সুপার সাহেব আলী পাঠান এই দুজনের মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন। গতকালের সংঘর্ষের ঘটনায় পাঁচ-ছয়জনকে আটক করেছে পুলিশ।
গতকালের সংঘর্ষের ঘটনার জেরে আজ ভোর থেকে মালিক গ্রামে দুই প্রতিপক্ষ গ্রুপ পরস্পরের বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করছে বলে অভিযোগ পাওয়া গেছে।