মাগুরায় গ্রামীণফোন সেন্টারে হামলা, লুট
মাগুরা শহরের এমআর সড়কে গ্রামীণফোন সেন্টারে ঢুকে এক কর্মকর্তাকে কুপিয়ে জখম করা হয়েছে। গত রোববার দুপুরে ছাত্রলীগের একদল কর্মী এই হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় মুঠোফোনসহ পাঁচ লাখের বেশি টাকার মালামাল লুটেরও অভিযোগ উঠেছে।এ ঘটনায় সদর থানার পাঁচজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলার আসামিরা হলেন সিজান, মিঠুন, সাদ্দাম, জয় ও শিমুল। তাঁদের বাড়ি শহরের বিভিন্ন এলাকায়। এজাহার ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, গত শনিবার সন্ধ্যার পর মিঠুন ও সিজান ওই সেন্টারে গিয়ে কাস্টমার ম্যানেজার শরিফুল ইসলামের সঙ্গে কথা বলেন। তাঁরা অন্য এক গ্রাহকের একটি সিমকার্ড সিজানের নামে বরাদ্দের জন্য তাঁকে চাপ দেন। ছবি ও ভোটার আইডি কার্ডের ফটোকপি ছাড়া তা সম্ভব নয় জানালে শরিফুলকে দেখে নেওয়ার হুমকি দিয়ে চলে যান মিঠুন ও সিজান। গত রোববার বেলা আড়াইটার দিকে সিজান, মিঠুনসহ পাঁচজনের একটি দল ওই সেন্টারে অতর্কিতে হামলা চালায়। এ সময় চাপাতি দিয়ে কুপিয়ে শরিফুলকে জখম করা হয়। এ ছাড়া মুঠোফোন ও মডেমসহ মালামাল লুট করা হয়। পরে শরিফুলকে সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মীর মেহেদী হাসান বলেন, হামলায় কারা জড়িত, তা তাঁর জানা নেই। তবে যে পাঁচজনকে আসামি করা হয়েছে, তাঁরা ছাত্রলীগের কর্মী।