মাগুরায় ছাত্রদলের ওপর ছাত্রলীগের হামলা
মাগুরার শ্রীপুর উপজেলা শহরের বটতলা মোড় এলাকায় গত শনিবার সন্ধ্যায় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বাবলু মিয়া (৩২) ও যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলামকে (৩০) কুপিয়ে ও লোহার রড দিয়ে পিটিয়ে আহত করেছেন ছাত্রলীগের কর্মীরা। গুরুতর আহত বাবলু মিয়াকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বাবলু মিয়া, শফিকুল ইসলাম, ছাত্রদলের নেতা রেজাউল করিম ও টুকু মিয়া ওই স্থানে বসে আলাপ করছিলেন। এ সময় উপজেলা ছাত্রলীগের সহসাংগঠনিক সম্পাদক রোমান মিয়ার নেতৃত্বে ছাত্রলীগের ১০ থেকে ১২ জন নেতা-কর্মী তাঁদের ওপর হামলা চালান। ছাত্রলীগের কর্মীরা বাবুল মিয়া ও শফিকুলকে রড দিয়ে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেন। আহত বাবলু মিয়া অভিযোগ করেন, ‘কিছু বুঝে ওঠার আগেই ছাত্রলীগের নেতা-কর্মীরা হামলা চালান।’উপজেলা ছাত্রলীগের সহসাংগঠনিক সম্পাদক রোমান মিয়া বলেন, ‘বাবলু মিয়া সরকারবিরোধী মিছিল করার প্রস্তুতি নিচ্ছিলেন। আমরা তাঁদের প্রতিরোধের চেষ্টা করি। তখন ছাত্রদলের কর্মীরা আমাদের ওপর হামলা করেন। আমরাও প্রতিরোধ করি।’