মাগুরায় ছাত্রদলের নেতা খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরা জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. মাহবুবুর রহমান গত মঙ্গলবার রাতে খুন হয়েছেন। অভিযোগ উঠেছে, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক হারুন অর রশীদ তাঁকে কুপিয়ে হত্যা করেছেন। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন হারুন অর রশীদকে পুলিশ (৩৬) গ্রেপ্তার করেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, গত মঙ্গলবার রাতে মাগুরা কেন্দ্রীয় জামে মসজিদে তারাবির নামাজ পড়ে হারুন বাড়ি ফিরছিলেন। শহরের টাউন হল ক্লাবের কাছে পৌঁছালে জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. মাহবুবুর রহমান তাঁকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। পরে সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান বিশ্বাস (৩৯) আহত হারুনকে মোটরসাইকেলে করে সদর হাসপাতালে নেওয়ার পথে মাতৃসদন সড়কে তাঁদের মুখোমুখি হন মাহবুবুর। এ সময় তাঁদের মধ্যে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে মাহবুবুরকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপানো হয়।পরে সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা মাহবুবুরকে মৃত ঘোষণা করেন। আহত হারুনকে প্রথমে সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।সূত্র জানায়, মাগুরা জেলা বিএনপির কমিটি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। বিরোধ মেটাতে কেন্দ্রীয় বিএনপি ১৬ আগস্ট জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের ঢাকায় ডেকে পাঠায়। ঢাকার বৈঠকে কারা যাবেন, এ নিয়ে ১৫ আগস্ট বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা বৈঠকে বসেন। ওই বৈঠকে হারুনের সঙ্গে মো. মাহবুবুর রহমানের বচসা হয়। একপর্যায়ে মাহবুবুরকে চড়থাপড় মারেন হারুন। জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমেদ ও ছাত্রদলের আহ্বায়ক সাহাবুদ্দিন সোহাগ বলেছেন, এই হত্যাকাণ্ড অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক। গতকাল বুধবার মাহবুবুরের লাশ পারলা গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।এ ঘটনায় মাহবুবুরের বড় ভাই সাজ্জাদ হোসেন বাদী হয়ে বিএনপির নেতা হাবিবুর রহমান, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক হারুনসহ সাতজনকে আসামি করে হত্যা মামলা করেছেন।মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিব উদ্দিন খান প্রথম আলোকে বলেন, বিএনপির নেতা হাবিব ও স্বেচ্ছাসেবক দলের নেতা হারুন এ ঘটনা ঘটিয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তিনি বলেন, ঘটনার সঙ্গে আর কেউ জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।