মাগুরায় ছেলের লাঠির আঘাতে বাবা নিহত
মাগুরা সদর উপজেলার হাজিপুর বরইচারা গ্রামে গত বুধবার রাতে ছেলের লাঠির আঘাতে হোসেন মোল্লা (৬৫) নামের এক ব্যক্তি মারা গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। মাগুরা সদর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মিজানুর রহমান প্রথম আাালোকে জানান, দরিদ্র হোসেন মোল্লা পরিবার নিয়ে একাই বসবাস করেন। ছেলেদের পৃথক সংসার। সংসার চালাতে গিয়ে তিনি কিছু টাকা ধার করেন। ওই টাকা পরিশোধ করতে পারছিলেন না। ছেলে শামীম মোল্লা (২২) গমের আবাদ করেছিলেন। বেশ কিছু গমও পেয়েছেন। ওই দেনা পরিশোধ করতে হোসেন মোল্লা ছেলে শামীমের কাছে কিছু গম চান। কিন্তু তিনি দিতে অস্বীকৃতি জানান। একপর্যায়ে গত বুধবার দুপুরে শামীমের ঘর থেকে জোর করে গম আনতে গেলে শামীম বাঁশের লাঠি দিয়ে বাবার মাথায় আঘাত করেন। এ সময় হোসেন মোল্লার মাথা ফেটে যায়। পরে তাঁকে গুরুতর অবস্থায় মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হলে গভীর রাতে তিনি মারা যান। গতকাল বৃহস্পতিবার দুপুরে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওই ঘটনায় মাগুরা সদর থানায় মামলার প্রক্রিয়া চলছিল।