মাগুরায় ঝড়ে গাছচাপায় প্রাণ গেল দুজনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরায় ঝড়ের সময় গাছ চাপা পড়ে দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আজ বুধবার দিনভর মাঝারি ও ভারী বৃষ্টিপাতের সঙ্গে ঝোড়ো হাওয়ার সময় মাগুরা সদর উপজেলায় একজন এবং শালিখা উপজেলায় অপর একজন মারা গেছেন।

এই দুজন হলেন সদর উপজেলার বেড় আকসি গ্রামের খবির মোল্লা (৩৬) এবং শালিখা উপজেলার বাহির মল্লিকা গ্রামের স্বপন বিশ্বাস।

বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সকাল আটটার দিকে সদর উপজেলায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইছিল। এ সময় বাড়ির পাশের একটি গাছ চলাচলের পথের ওপর হেলে পড়লে খবির মোল্লা গাছটির ডালপালা কেটে পথ পরিষ্কার করতে যান। তখন তিনি গাছের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে প্রায় একই সময় শালিখায় স্বপন বিশ্বাসের বাড়ির ঘরের ওপর একটি গাছ ভেঙে পড়লে তিনি আহত হন। তাঁকেও মাগুরা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মাগুরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক অমর প্রসাদ বিশ্বাস প্রথম আলোর কাছে দুজনের মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেন।

দিনব্যাপী ঝড় ও বৃষ্টিতে মাগুরা জেলার অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে বলে জানা গেছে।

মাগুরা বিদ্যুৎ বিভাগের (ওজোপাডিকো) নির্বাহী প্রকৌশলী বিমল কান্তি দাস সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, প্রবল বর্ষণ ও ঝড়ের কারণে অনেক এলাকায় ছোট-বড় বহু গাছ ভেঙে বৈদ্যুতিক তারের ওপর পড়েছে। ফলে বিকেল পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। পরে কিছু জায়গায় ভেঙে পড়া গাছ সরিয়ে মাত্র দুটি ফিডারে বিদ্যুৎ সরবরাহ চালু করা হয়। এখনো অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।