মাগুরায় ঝড়ে নিহত ১, ঘর ও ফসলের ক্ষতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরা সদর ও শালিখা উপজেলার অন্তত ৩০টি গ্রামের ওপর দিয়ে গত বুধবার গভীর রাতে বয়ে যাওয়া কালবৈশাখীতে একজন নিহত ও তিন শতাধিক কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। ঝড়ে সদর উপজেলার একটি বিদ্যালয়ের টিনের ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সদর ও শালিখা উপজেলায় ২৬টি বৈদ্যুতিক খুঁটি ভেঙে গেছে।ঝড়ের সময় মাটির দেয়ালে চাপা পড়ে শালিখা উপজেলার চুকিনগর গ্রামের সুনীল বিশ্বাস (৪০) নিহত হয়েছেন। স্থানীয়রা জানান, রাত পৌনে ১২টায় শুরু হওয়া ঝড়ে ওই কাঁচা ঘরগুলো ভেঙে যায়। পরে ঝড়ের তীব্রতা কমলেও প্রায় এক ঘণ্টা ধরে বজ্রপাত ও শিলাবৃষ্টি হয়। ঝড়ে পাট ও ধানখেত এবং কাঁঠাল, আম, লিচুর ব্যাপক ক্ষতি হয়েছে। সদর উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা অলোক কুমার বিশ্বাস জানান, ঝড় ও শিলাবৃষ্টিতে বোরো ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। শালিখা উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা আশরাফুল ইসলাম জানান, ঝড়ে উপজেলার শতাধিক কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।