মাগুরায় ট্রাকচাপায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরা সদর উপজেলায় মালবাহী একটি ট্রাকের চাপায় দুই পথচারী নিহত হয়েছেন। আজ রোববার সকালে উপজেলার পশ্চিম রামনগর এলাকায় মাগুরা-ঝিনাইদহ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন উপজেলার পশ্চিম রামনগর গ্রামের মো. জাকারিয়া (৩০) ও রাজা রামপুর গ্রামের সামিরুল ইসলাম (১৯)। তাঁদের লাশ মাগুরা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

মাগুরা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) আবদুর রশিদ প্রথম আলোকে বলেন, মালবাহী ট্রাকটি মাগুরা থেকে ঝিনাইদহের দিকে যাচ্ছিল। সকাল পৌনে সাতটার দিকে ট্রাকটি পশ্চিম রামনগর এলাকায় পৌঁছে। সেখানে প্রথমে জাকারিয়া নামের এক পথচারীকে চাপা দেয় ট্রাকটি। এর পরই সামিরুল নামের আরেক পথচারীকে চাপা দিয়ে ট্রাকচালক নিয়ন্ত্রণ হারান। ট্রাকটি উল্টে সড়কের পাশে পড়ে যায়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, ট্রাকচাপায় জাকারিয়া ঘটনাস্থলে নিহত হন। গুরুতর আহত অবস্থায় সামিরুলকে মাগুরা সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয়।

পুলিশ জানায়, ট্রাকটি আটক করা হয়েছে। ট্রাকচালক পলাতক। এ ঘটনায় মামলা হবে।