মাগুরায় ডাকঘরের জায়গায় মার্কেট করছে হকার্স লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘হকার্স লীগের’ নামে মাগুরা শহরের প্রধান ডাকঘরের সামনের জায়গা দখল করে অবৈধভাবে মার্কেট নির্মাণ করা হচ্ছে। ‘অস্থায়ীভাবে’ ওই মার্কেট নির্মাণের অনুমতি দিয়েছেন পৌর মেয়র।স্থানীয় সূত্র জানায়, কিছু ক্ষুদ্র ব্যবসায়ী প্রায় এক দশক আগে মাগুরা শহরের প্রধান ডাকঘর এলাকায় সড়কের পাশে বসে নতুন-পুরোনো কাপড় বিক্রি শুরু করেন। ধীরে ধীরে সেখানে ব্যবসা জমজমাট হয়ে ওঠে। চলতি বছরের শুরুর দিকে সেখানকার ক্ষুদ্র ব্যবসায়ী রজব আলী ওরফে পটলসহ কিছু ব্যক্তি হকার্স লীগের ব্যানারে কার্যক্রম শুরু করেন।ক্ষুদ্র ব্যবসায়ীরা বলেন, মাস খানেক আগে হকার্স লীগের নামে ডাকঘরের সীমানাপ্রাচীর ঘেঁষে ‘হকার্স মার্কেট’ নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়। গত সোমবার থেকে সেই মার্কেটের নির্মাণকাজ শুরু হয়।জানা গেছে, যে জায়গায় মার্কেট নির্মাণ করা হচ্ছে, তা ডাকঘরের সম্পত্তি। ডাকঘর কর্তৃপক্ষ নির্মাণকাজে বাধা দিলেও কোনো কাজ হয়নি। পরে তারা বিষয়টি পৌরসভাসহ ডাক বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছে।এ প্রসঙ্গে মাগুরা প্রধান ডাকঘরের পোস্টমাস্টার জাহেদা বেগম প্রথম আলোকে বলেন, ‘ডাকঘরের সরকারি সম্পত্তি দখল করে মার্কেট নির্মাণ করা হচ্ছে। অবৈধ নির্মাণকাজ বন্ধের জন্য আমরা পৌরসভায় গিয়েছিলাম, কিন্তু তারা নিশ্চুপ।’নাম প্রকাশে অনিচ্ছুক মাগুরা পৌরসভার দুজন কাউন্সিলর প্রথম আলোকে জানান, তাঁরা ওই মার্কেট নির্মাণের বিরুদ্ধে। কিন্তু রজব আলী মেয়রকে ভুল বুঝিয়ে ওই অপকর্ম করছেন।জানা যায়, হকার্স লীগের নামে ওই মার্কেট নির্মাণের কাজ শুরু হলেও এর সঙ্গে মেয়রসহ পৌরসভার কয়েকজন কাউন্সিলর জড়িত।জানা যায়, নির্মাণাধীন মার্কেটে ১১ থেকে ১২টি দোকানঘর হবে। এরই মধ্যে ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে এসব ঘর বরাদ্দ দেওয়া হয়েছে।গত সোমবার সরেজমিনে দেখা যায়, কাজের তদারকি করছেন হকার্স লীগের সাধারণ সম্পাদক রজব আলীসহ কয়েকজন ব্যক্তি।রজব আলী প্রথম আলোকে বলেন, ‘আমি এর সঙ্গে আছি। পৌরসভার অনুমতি নিয়েই কাজ হচ্ছে।’জিজ্ঞেস করা হলে পৌরসভার সহকারী প্রকৌশলী সাইফুল ইসলাম বলেন, ‘সেখানে পাকা মার্কেট নয়, অস্থায়ীভাবে হকারদের জন্য দোকানঘর করা হচ্ছে।’অস্থায়ীভাবে ওই মার্কেট নির্মাণের অনুমতি দেওয়ার কথা স্বীকার করে মাগুরা জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র মো. আলতাফ হোসেন প্রথম আলোকে বলেন, ‘যাঁদের ঘর দেওয়া হবে, তাঁদের টাকা দিয়েই মার্কেট করে দিচ্ছি। আমরা শুধু হিসাব রাখছি।’ তিনি বলেন, ‘পাকা নয়, মার্কেট হবে অস্থায়ী, আধাপাকা। পৌরসভার টাকার প্রয়োজন আছে। আমরা তাঁদের কাছ থেকে প্রতি মাসে ভাড়া নেব।’ মেয়র বলেন, ‘ডাকঘরের প্রয়োজন হলে তা যেকোনো মুহূর্তে ভেঙে ফেলা যাবে।’