মাগুরায় তরুণের মৃত্যু নিয়ে রহস্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরা সদর উপজেলার ইছাখাদা গ্রামের রবি শিকদারের ছেলে ব্যবসায়ী সোহেল রানার (৩০) মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, সোহেল রানা গত শনিবার রাত ১১টার দিকে মোটরসাইকেলে যাত্রা দেখতে মাগুরা সদর উপজেলার রাড়িখালীর উদ্দেশে বাড়ি থেকে বের হন। গতকাল রোববার সকাল নয়টার দিকে মিজানুর রহমান (২৫) ও আবুল কালাম (৪১) নামের দুই ব্যক্তি তাঁকে সদর হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে আসেন। পরে হাসপাতালে উপস্থিত সোহেল রানার আত্মীয়স্বজন ওই দুই ব্যক্তিকে আটক করে পুলিশে দেয়। ওই দুই ব্যক্তিও যাত্রা দেখতে সোহেলের সঙ্গে যাচ্ছিলেন। সোহেল রানার চাচাতো ভাই সাইফুল ইসলাম দাবি করেন, ‘সোহেলকে ওই দুই ব্যক্তি হত্যা করেছে। ওই দুই ব্যক্তি যাত্রা দেখতে সোহেলের সঙ্গে গিয়েছিল। সোহেল একজন ব্যবসায়ী।’ মাগুরা সদর থানার উপপরিদর্শক (এসআই) ইউসুফ আলী বলেন, সম্ভব ওই যুবক মাদকাসক্ত অবস্থায় মোটরসাইকেল চালাচ্ছিলেন। পরে মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে তাঁর মৃত্যু হয়। লাশের সুরহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। সেখানে হত্যার কোনো আলামত পাওয়া যায়নি। যেহেতু ওই দুই ব্যক্তি তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এসেছেন, তাই তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য রাখা হয়েছে। এ ঘটনায় সদর থানায় অপমৃত্যু মামলা হয়েছে।