মাগুরার মহম্মদপুর উপজেলার বাবুখালী বাজারের এক ব্যবসায়ীর ভাইকে আটক করে ঘুষ দাবি ও হয়রানির অভিযোগে তিন পুলিশ কর্মকর্তাসহ চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। মাগুরা মুখ্য বিচারিক হাকিমের আদালতে গত সোমবার মামলাটি করেন বাজারের ব্যবসায়ী এনামুল কবির। জ্যেষ্ঠ বিচারিক হাকিম-২ সোহানী পূষণ গতকাল মঙ্গল-বার বিচারিক হাকিম-১ বুলবুল ইসলামকে এ ব্যাপারে তদন্তের নির্দেশ দিয়েছেন। মামলায় অভিযুক্ত ব্যক্তিরা হলেন, বাবুখালী পুলিশ ফাঁড়ির তত্ত্বাবধায়ক উপপরিদর্শক (এসআই) ওবায়দুর রহমান, মহম্মদপুর থানার উপপরিদর্শক ইলিয়াস হোসেন, সহকারী উপপরিদর্শক (এএসআই) ইসমাইল হোসেন ও বাবুখালী বাজারের ব্যবসায়ী ফিরোজ মাস্টার। মামলায় অভিযোগ করা হয়, গত ১৫ জুন রাতে বাবুখালী বাজারের কাপড় ব্যবসায়ী ফিরোজ মাস্টারের দোকানে চুরি হয়। ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে হয়রানির উদ্দেশে বাদীর ছোট ভাই তুষার মল্লিককে পুলিশ আটক করে। এরপর এনামুল কবির বাড়িতে গেলে ফাঁড়ির তত্ত্বাবধায়ক ওবায়দুর রহমান এবং ব্যবসায়ী ফিরোজ মাস্টার তুষারকে চুরির অভিযোগ থেকে রেহাই দিতে দেড় লাখ টাকা ঘুষ দাবি করেন। পরদিন তিনি উপপরিদর্শক ওবায়দুর রহমানকে পাঁচ হাজার টাকা দেন। কিন্তু পরবর্তী সময় দাবি করা বাকি টাকা দিতে অপারগতা প্রকাশ করায় ফাঁড়ির তত্ত্বাবধায়ক তুষার মল্লিককে মহম্মদপুর থানায় পাঠিয়ে দেন। সেখানে গত ২১ জুন থানার উপপরিদর্শক ইলিয়াস হোসেন ও সহকারী উপপরিদর্শক ইসমাইল হোসেন ওই টাকা আদায়ের উদ্দেশে তুষারকে বেদম মারধর করেন। অভিযোগ অস্বীকার করে বাবুখালী পুলিশ ফাঁড়ির তত্ত্বা-বধায়ক ওবায়দুর রহমান গতকাল প্রথম আলোকে বলেন, ফিরোজ মাস্টারের দোকানে চুরির ঘটনায় বাজারের নৈশ প্রহরীরা তুষার, জাহাঙ্গীর, শামীম ও আরেক যুবককে চিহ্নিত করেন। পরে ফিরোজ মাস্টার পুলিশের কাছে অভিযোগ দিলে তুষারকে আটক করা হয়। উপপরিদর্শক ওবায়দুর রহমান ঘুষ নেওয়া ও দাবি করার কথা অস্বীকার করেন। পুলিশ সুপার প্রলয় চিসিম প্রথম আলোকে বলেন, আদালতের বিচার বিভাগীয় তদন্তের পাশাপাশি পুলিশের পক্ষ থেকে ওই ঘটনা তদন্ত করা হবে। তদন্তে পুলিশের কেউ দোষী সাব্যস্ত হলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।