মাগুরায় দুই গোষ্ঠীর সংঘর্ষ, ছয়জন গুলিবিদ্ধ
মাগুরা শহরে আজ শুক্রবার রাতে আ.লীগ সমর্থক মোল্লা ও শেখ গোষ্ঠির মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষ নিয়ন্ত্রণের সময় পুলিশ গুলি ছুড়লে ৬ জন গুলিব্ধি হন। এছাড়া আহত হন চার পুলিশ সদস্য।
আহতদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হলেও ভর্তির কিছু সময় পরই তাঁরা হাসপাতাল ছেড়ে চলে যান।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের মোল্লা পাড়ায় আ.লীগ সমর্থিত মোল্লা ও শেখ গোষ্ঠির মাঝে দীর্ঘদিন আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। আজ শুক্রবার (১১ জুলাই) সকাল সোয়া সাতটার দিকে জেলা আ.লীগের যুগ্ম সাধারন সম্পাদক গোলাম মওলা মোল্লা তাঁর বাড়ির পাশ থেকে এক রিকশা চালককে শহরে নিয়ে যেতে বলেন। কিন্তু রিকশা চালক তিনি রিকশায় চড়ে ভাড়া দেন না এমন অভিযোগ তুলে তাঁকে যাত্রী হিসেবে তুলতে রাজি হননি। এতে ওই রিকশা চালককে গোলাম মওলা মারধর করেন। রিকশা চালক দৌড়ে পাশে শেখ গোষ্ঠির মেহেদী হাসানের বাড়িতে গিয়ে আশ্রয় নেন। মেহেদী হাসান ওই রিকশা চালকের পক্ষে কথা বললে এ নিয়ে উত্তেজনা দেখা দেয়। পরে গোলাম মওলা বাড়ি ফিরে যান। এর কিছু সময় পর মওলা মোল্লার ভাতিজা জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক জেন্টেল মোল্লাসহ কয়েকজন সশস্ত্র যুবক মেহেদী হাসানদের বড় ভাই তুষার শেখের বাড়িতে হামলা চালায়। এসময় তুষার শেখকে তাঁরা কুপিয়ে জখম করে। পরে বাড়ি আংশিক ভাংচুর করে। তুষারকে সকালেই ঢাকা পাঠানো হয়। ওই ঘটনার জের ধরে সন্ধ্যায় দু’গোষ্ঠির মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। রাত সোয়া ৮ টার দিকে দু’গোষ্ঠির সশস্ত্র লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। এসময় পুলিশের উপস্থিতিতে দু’পক্ষ হামলা-পাল্টা হামলা, বোমবাজি ও ইটপাটকেল নিক্ষেপ করে। দু’পক্ষই অন্তত ১০ টি গুলি ছোঁড়ে।
এসময় পরিস্থিতি নিয়ন্ত্রন করতে পুলিশ ৫৯ টি শটগানের গুলি ছোঁড়ে। এসময় পুলিশের ছোঁড়া গুলিতে আ.লীগ নেতা গোলাম মওলা মোল্লার ছোট ভাই পৌর আ.লীগের যুগ্ম সাধারন সম্পাদক আকরাম মোল্লা (৫৪), জেলা শ্রমিক লীগের সাধারন সম্পাদক ও পৌরসভার কাউন্সিলর মকবুল হোসেন মাকুল (৪২), স্থানীয় বাসিন্দা সাইদুর রহমান (২৫), শরিফুল ইসলাম (২২), আলফাজ হোসেন (১৭) ও হূদয় মোল্লা (১৫) গুলিবিদ্ধ হন। এসময় পুলিশের উপপরিদর্শক রফিকুল ইসলাম (৩৫), পুলিশ কনস্টেবল ফরহাদ হোসেন (৫৫), মামুদুল হক (২৫) ও মো. মাহাবুবুর রহমান (২৬) ইটের আঘাতে আহত হন। এদের পরে সদর হাসপাতালে ভর্তি করা হয়।
মাগুরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিত্সক শরীফ সাহাবুর রহমান ওই ছয়জনের গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, তাঁদের ছররা গুলি লেগেছে। তবে তা গুরুতর নয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রমিক লিগের সাধারন সম্পাদক মকবুল হোসেন মাকুল বলেন, তারাবিহ নামাজের সময় শেখ গোষ্ঠির লোকজন হঠাত্ করে আমাদের ওপর হামলা চালায়। পরে আমরা প্রতিরোধ গড়লে পুলিশ ওদের পক্ষ নিয়ে আমাদের ধাওয়া করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মাগুরার সহকারি পুলিশ সুপার সুদর্শন রায় রাতে ১১ টার দিকে প্রথম আলো’কে বলেন, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রন করতে ৫৯ টি গুলি ছুড়েছে। ঘটনাস্থলে উপস্থিত পুলিশের অনেক সদস্য ইটপাটকেলের আঘাতসহ নানা ভাবে আহত হয়েছেন।