মাগুরা সদর উপজেলার পাটকেলবাড়ী ও বেরইল গ্রামের বাসিন্দাদের মধ্যে গত মঙ্গলবার বিকেলে সংঘর্ষে কমপক্ষে ১৫ জন গ্রামবাসী আহত হয়। এ সময় বেরইল গ্রামবাসী পাটকেলবাড়ী বাজার ও গ্রামে হামলা চালিয়ে কমপক্ষে ১০টি দোকান এবং ১৫টি বাড়ি ভাঙচুর ও লুটপাট করে। পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, ঈদ উপলক্ষে ওই দিন বিকেলে স্থানীয় পাটকেলবাড়ী মাঠে ফুটবল খেলার আয়োজন করা হয়। খেলা চলাকালে পাটকেলবাড়ী গ্রামের লোকজন বেরইল গ্রামের সাবেক এক চেয়ারম্যানকে লাঞ্ছিত করে। এ ঘটনার পর বেরইল গ্রামের লোকজন সংঘবদ্ধ হয়ে এসে পাটকেলবাড়ী বাজারে হামলা চালায়। তারা বাজারের কমপক্ষে ১০টি দোকান ভাঙচুর ও লুটপাট করে। তারা গ্রামের কমপক্ষে ১৫টি বাড়িতে হামলা ও ভাঙচুরের পর লুটপাট করে। এ সময় উভয় গ্রামের কমপক্ষে ১৫ ব্যক্তি আহত হয়। তাদের মধ্যে পাঁচজনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাটকেলবাড়ী গ্রামের লোকজন অভিযোগ করেছে, পুলিশের উপস্থিতিতে বেরইল গ্রামের লোকজন তাদের দোকান ও বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সী আসাদুজ্জামান প্রথম আলোকে ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ওই ঘটনায় থানায় কোনো মামলা হয়নি। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতিতে ওই ঘটনা ঘটার কথা তিনি অস্বীকার করেন।