মাগুরার মহম্মদপুর উপজেলায় দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে পাঁচজন আহত ও ছয়টি বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। গরু খেতের ধান খেয়ে ফেলা নিয়ে বিরোধের সূত্রপাত। গত শনিবার সন্ধ্যার ওই ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে ছয়জনকে গ্রেপ্তার করেছে।মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছগির মিঞা জানান, সপ্তাহ খানেক আগে উপজেলার দেউলি গ্রামের ফিরোজ মোল্লার গরু যশবন্তপুর গ্রামের লিটন মোল্লার খেতের ধান খেয়ে ফেলে। এতে ক্ষিপ্ত হয়ে লিটন মোল্লা গরুটিকে কুপিয়ে জখম করেন।জানা যায়, ওই ঘটনার জের ধরে শনিবার সন্ধ্যা ছয়টার দিকে দুই গ্রামের মানুষ সংঘর্ষে লিপ্ত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাজির হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে ১১টি কাঁদানে গ্যাসের সেল ও দুটি ফাঁকা গুলি ছোড়া হয়। ঘটনাস্থল থেকে পুলিশ ছয়জনকে আটক করে। এ ঘটনায় দেউলি গ্রামবাসীর পক্ষে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় ৩৮ জনের নাম উল্লেখসহ অর্ধ সহস্রাধিক মানুষকে আসামি করা হয়েছে।