মাগুরায় দুই দল গ্রামবাসীর সংঘর্ষে নিহত ২, লুটপাট
মাগুরা সদর উপজেলার বুজরুক শ্রীকুণ্ডি ও মালিক গ্রামে গত শুক্রবার বিকেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। তাঁরা হলেন মালিক গ্রামের মুহামঞ্চদ আলীর ছেলে মো. ফরিদ (২২) ও গোলাম মওলার ছেলে নঈম মোল্লা (২৬)।
পুলিশ এ ঘটনায় স্থানীয় চাউলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রেজাউল মাস্টারকে শুক্রবার রাতেই আটক করেছে। তবে গতকাল শনিবার সন্ধ্যা পর্যন্ত কোনো মামলা হয়নি।
মাগুরার সহকারী পুলিশ সুপার (সার্কেল) সাহেব আলী পাঠান বলেন, দীর্ঘদিন ধরে স্থানীয় দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব ও সংঘাত চলছে। কিছু হলেই তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং বাড়ি ভাঙচুর ও লুটপাট করে। পুলিশ এক পাশে ভাঙচুর ও লুটপাট ঠেকাতে গেলে অন্য পাশে ভাঙচুর ও লুটপাট শুরু হয়। এ ক্ষেত্রে পুলিশ অসহায়। গত দুই মাসের মধ্যে প্রতিপক্ষের পৃথক হামলায় একটি শিশু ও এক ব্যক্তি খুন হয়েছেন। গতকাল দুই পক্ষের সংঘর্ষ, লুটপাট ও ভাঙচুর থামাতে পুলিশ ২০টি কাঁদানে গ্যাসের শেল ও ফাঁকা গুলি বর্ষণ করেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুজরুক শ্রীকুণ্ডি গ্রামের গোয়ালবাড়িপাড়ার মাতুব্বর ওসমান মণ্ডলের সঙ্গে মালিক গ্রামের খলিলুর রহমান মোল্লার দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছে। এ নিয়ে শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে দুই পক্ষের সমর্থকেরা কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে ১০-১২ জন আহত হন। গুরুতর আহত অবস্থায় মো. ফরিদ, নঈম মোল্লা, মো. শিমুল (২২), উজ্জ্বল বিশ্বাস (২৫), সোহাগ হোসেন (২৩), মো. হীরক (২৮), মো. সোহাগ (৯) ও মিলন মোল্লাকে (২০) মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার রাত সোয়া ১০টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. ফরিদ মারা যান। গুরুতর অবস্থায় নঈম মোল্লাকে রাতেই ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে গতকাল সকাল সাড়ে ছয়টার দিকে তিনি সেখানে মারা যান। তাঁরা দুজনই ওসমান মণ্ডলের সমর্থক বলে দাবি করা হয়।
এ ঘটনার পর গতকাল ভোর থেকে ওসমান মণ্ডলের সমর্থকেরা প্রতিপক্ষের অন্তত ৫০টি বাড়ি ভাঙচুর ও লুটপাট করেন।
গতকাল বেলা সাড়ে আটটার দিকে সরেজমিনে দেখা গেছে, পুলিশের উপস্থিতিতে লুটপাট ও ভাঙচুর চলছে। ভাঙচুরের পর ঘরের দেয়ালের ইট খুলে এবং নারকেলগাছের ডাব পর্যন্ত পেড়ে নিয়ে যেতে দেখা গেছে।
ওই সময় গ্রামের ইউনুচ মোল্লার স্ত্রী আনোয়ারা বেগম (৫০) কাঁদতে কাঁদতে বলেন, সবকিছু লুটপাট করে নিয়ে গেছে। বাড়িতে কিছুই নেই, যা নিতে পারেনি তা কুপিয়ে ধ্বংস করে ফেলেছে।
খবির মোল্লার স্ত্রী জরিনা বেগম (৫৫) বলেন, ‘দুই মাতুব্বরের পক্ষের লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে সংঘর্ষ-সংঘাত চলছে। হত্যা, বাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটছে। আমরা এখন অসহায়।’
হাবিবর মোল্লা (৬০) বলেন, ‘এক ওসমান মণ্ডল দুটি গ্রামকে শেষ করে দিল। অনেক পেঁপে, কলাগাছের বাগান কেটে ফেলা হয়েছে।’ মাসুদ মোল্লা (৪০) বলেন, গ্রাম দুটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আগামী ১০ বছরেও কোনো পরিবার উঠে দাঁড়াতে পারবে না।
গতকাল বিকেল সাড়ে পাঁচটায় এ প্রতিবেদন লেখার সময় জানা গেছে, ওসমান মণ্ডলের সমর্থকেরা প্রতিপক্ষের লোকজনের বাড়িঘরে লুটপাট ও বড় বড় গাছ কেটে স্তূপ করছেন। কোনো কোনো স্থানে খলিলুর রহমান মোল্লার পক্ষের লোকজনও প্রতিপক্ষের বাড়িতে লুটপাট চালাচ্ছেন।