মাগুরায় দুই পক্ষের সংঘর্ষে আহত ১০, ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরা সদর উপজেলায় বুধবার বিকেলে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। এ সময় নয়টি বাড়ি ও দুটি ইটভাটায় ভাঙচুর-লুটপাটের ঘটনা ঘটেছে। পুলিশ ও স্থানীয় লোকজন জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে সদর উপজেলার বাগবাড়িয়া গ্রামের ইউপি সদস্য তৈয়ব হোসেনের সঙ্গে পাতুড়িয়া গ্রামের সাবেক ইউপি সদস্য আহমদ মোল্লার দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বুধবার বিকেল সাড়ে চারটার দিকে রামনগর বাজারে আহমদ মোল্লার সমর্থক জিন্নাহ ও সোহাগ নামে দুই যুবককে প্রতিপক্ষ মারধর করে। এ ঘটনার পর ওই বাজারের একটি দোকান ও বাজারসংলগ্ন একটি বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। পরে বাগবাড়িয়া ও পাতুড়িয়া গ্রামের দুই দল গ্রামবাসী সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় প্রতিপক্ষের হামলায় অন্তত ১০ জন আহত হয়। এ ছাড়া বাগবাড়িয়ার আলী মোল্লা, বক্কার মোল্লা, আলমাস মোল্লা, ফরিদ মোল্লা, ঠান্ডু মোল্লা, পাতুড়িয়ার হান্নান মোল্লা, পান্নু মোল্লা, ইবাদত মোল্লা ও শাহ মোল্লার বাড়ি ভাঙচুর করা হয়। হামলাকারীরা ঠান্ডু মোল্লা ও আলমাস মোল্লার দুটি ইটভাটায় ভাঙচুর ও মালামাল লুট করে। আহতদের মধ্যে চারজনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।